প্রাইম ব্যাংকের লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ব্যাংক ও ইউনিয়ন ক্যাপিটাল শেয়ার হোল্ডারদের জন্য গত বছরের লভ্যাংশ ঘোষণা করেছে।
বেসরকারি খাতের প্রাইম ব্যাংক লিমিটেড ২০১৩ সালের জন্য ১২ দশমিক ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
মঙ্গলবার ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয় বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।
আগামী ৩১ মার্চ বিকাল ৩টায় রাজধানীর রূপসী বাংলা হোটেলে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য ১৩ মার্চ রেকর্ড তারিখ ঠিক করা হয়েছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, গত বছরে প্রাইম ব্যাংকের ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় হয়েছে এক টাকা ৯৮ পয়সা, মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ২২ টাকা ৬৯ পয়সা।
এদিকে ইউনিয়ন ক্যাপিটাল শেয়ার হোল্ডারদের ১০ শতাংশ স্টক লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে।
আগামী ৩১ মার্চ সকালে এলজিইডি মিলনায়তনে কোম্পানির এজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ ঠিক করা হয়েছে ১৩ মার্চ।
ডিএসইর তথ্য অনুযায়ী, সমাপনী বছরে ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় হয়েছে ১ টাকা ২৯ পয়সা, মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৮ টাকা ২৯ পয়সা।
