বাণিজ্য বাড়াতে শ্রীলঙ্কাকে আহ্বান হাসিনার
বিসমটেক সম্মেলনে অংশগ্রহণরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য জোরদারের আহ্বান জানিয়েছেন।
মিয়ানমারের রাজধানী নে পি টো-তে আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মঙ্গলবার মাহিন্দ রাজাপাকসের সঙ্গে বৈঠক করেন হাসিনা।
বৈঠকে প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় বাংলাদেশের বিনিয়োগ বাড়ানোর ওপর জোর দিয়েছেন বলে সাংবাদিকদের জানান তার বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল।
“ওষুধের পাশাপাশি পাটজাত পণ্য, সিরামিক ও খাদ্য প্রক্রিয়াজাত শিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও শ্রীলঙ্কা এক সঙ্গে কাজ করতে পারে বলে তিনি (প্রধানমন্ত্রী) উল্লেখ করেছেন।”
রাজাপাকসেও আশা প্রকাশ করেন যে আগামীতে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে ব্যবসা-বাণিজ্য আরো বাড়বে।
তিনি বাংলাদেশে বিশেষ করে মেডিকেল কলেজগুলোতে শ্রীলঙ্কার শিক্ষার্থীদের পড়ার সুযোগ করে দেয়ায় শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।
বাংলাদেশে মাধ্যমিক পর্যায় বিনামূল্যে বই দেয়ার প্রশংসা করে নিজের দেশেও সেই উদ্যোগ নেবেন বলে জানান রাজাপাকসে।
হাসিনা নার্সিং শিক্ষায় শ্রীলঙ্কার অগ্রগতির কথা উল্লেখ করে বাংলাদেশে এই শিক্ষার উন্নয়নে শ্রীলঙ্কার সহযোগিতা আশা করেন।
দুই নেতাই সন্ত্রাস দমনে একযোগে কাজ করার অঙ্গীকার করেন।
শাকিল জানান, দশম জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ এবং সরকার গঠন করায় শেখ হাসিনাকে অভিনন্দনও জানিয়েছেন রাজাপাকসে।
