সূচক উঠলেও লেনদেন কমেছে পুঁজিবাজারে
সপ্তাহের তৃতীয় দিন দুই পুঁজিবাজারে সূচক বাড়লেও লেনদেন কমেছে।
মঙ্গলবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক ১৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭০৪ পয়েন্ট হয়েছে। এদিন হাতবদল হয় প্রায় ৪৬৩ কোটি টাকার শেয়ার, যা আগের দিনে চেয়ে ৪৩ কোটি টাকা কম।
এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ২ কোটি টাকা কমে ৪৩ কোটি টাকার শেয়ার হাতবদল হয়। দিন শেষে সিএসই সূচক দশমিক ২৯ পয়েন্ট বেড়ে ৯ হাজার ২২১ পয়েন্ট হয়েছে।
মঙ্গলবার ডিএসইতে লেনদেনে থাকা কোম্পানিগুলোর শেয়ারের মধ্যে ১৭২টির দাম বেড়েছে, কমেছে ৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির দাম।
ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ৭ পয়েন্ট কমে এক হাজার ৬৯৫ পয়েন্ট হয়েছে।
গত সপ্তাহ শেষে ডিএসইতে সূচক কমে ১১ পয়েন্ট, দৈনিক গড় লেনদেন হয় ৫০৭ কোটি টাকা।
আগের সপ্তাহে ডিএসইতে সূচক বাড়ে ২ পয়েন্ট, দৈনিক গড় লেনদেন হয় ৩৭৩ কোটি টাকা।
সাউথ ইস্ট-ডাচ বাংলার লভ্যাংশ ঘোষণা
শেয়ার হোল্ডারদের ১৬ শতাংশ নগদ এবং ৫ শতাংশ স্টক লভ্যাংশ দেবে সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ মার্চ সকাল ১০টায় বসুন্ধরা কনভেনশন সেন্টাররে হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৩ মার্চ।
ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে সাউথ ইস্ট ব্যাংকের ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় হয়েছে ৩ টাকা ৮৭ পয়সা। মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ২৫ টাকা ১১ পয়সা।
ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড শেয়ার হোল্ডারদের ৪০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ মার্চ সকাল ১০টায় সোনারগাঁ হোটেলে হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৩ মার্চ।
ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে ডাচ-বাংলা ব্যাংকের ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় হয়েছে ১০ টাকা । মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৬৩ টাকা ২১ পয়সা।
