রিজেন্সির দুই কর্মকর্তার জামিন ও হেফাজত বাতিল
হোটেলের শেয়ার বিক্রির কথা বলে প্রতারণার অভিযোগে পৃথক দুই মামলায় আটক রিজেন্সি হোটেলের দুই কর্মকর্তার পুলিশি হেফাজত এবং জামিন নাকচ করে দিয়েছে আদালত।
এ দুই কর্মকর্তা হলেন- ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ আহমেদ ও পরিচালক মো. আরিফ হোসেন।
সোমবার ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালতের বিচারক তারেক মঈনুল ইসলাম ভূঁইয়া এই আদেশ দেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন আদালত পুলিশের ভারপ্রাপ্ত সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই মো. সাফায়েত।
তিনি জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা খিলক্ষেত থানার এসআই মনিরুল ইসলাম আসামীদের সাত দিনের পুলিশি হেফাজতে নেয়ার আবেদন করলে আদালত আসামীদের কারাফটকে জিজ্ঞাসাবাদের আদেশ দেয়।
রিজেন্সি হোটেলের এই দুই কর্মকর্তাসহ পাঁচ জনের বিরুদ্ধে গত ফেব্রুয়ারি মাসে প্রতারণার অভিযোগে পৃথক মামলা করেন দুই যুক্তরাষ্ট্র প্রবাসী।
দুই মামলার আসামীরা হলেন- হোটেলের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ আহমেদ ও পরিচালক মো. আরিফ হোসেন, ব্যবস্থাপক কায়েস মুন্সি, পরিচালক কবি রেজা এবং হোটেলটির আরেক পরিচালক।
দুই মামলাতেই হোটেলের পরিচালক কবি রেজা ও এক পরিচালক পলাতক রয়েছেন।
এছাড়া একটি মামলায় ২৩ ফেব্রুয়ারি হোটেলের ব্যবস্থাপক কায়েস মুন্সিকে জামিন দেয় আদালত।
১৮ ফেব্রুয়ারি রমনা থানা এলাকায় হোটেল রূপসী বাংলার নিচ থেকে মোসলেহ, আরিফ এবং কায়েসকে গ্রেপ্তার করে খিলক্ষেত থানা পুলিশ।
পরদিন সকালে আসামীদের আদালতে নেয়া হলে, তাদের হেফাজত আবেদন নাকচ করে কারাফটকে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছিলেন মহানগর হাকিম নুরূল ইসলাম।
সেইদিনও তাদের জামিন আবেদন নাকচ হয়েছিল।
মামলা দুটির অভিযোগপত্রে বলা হয়েছে, ২০০৬ সালে তারা ইন্টারনেট মারফত জানতে পারেন হোটেল রিজেন্সিতে বিনিয়োগ করলে সেখানের পরিচালনা পর্ষদের সদস্যসহ অন্যান্য সুযোগ সুবিধা পাওয়া যাবে।
এজন্য তারা সে বছরই ২৫ হাজার পাউন্ডের বিনিময়ে হোটেলটির শেয়ার কেনেন।
প্রায় দশ বছর কেটে গেলেও তাদের হোটেলটির পরিচালনা পর্ষদ সদস্য করা হয়নি। এমনকি লভ্যাংশের টাকাও দেনটি হোটেল রিজেন্সির এ কর্মকর্তারা।
খিলক্ষেত থানার ওসি নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “হোটেল রিজেন্সির কর্মকর্তাদের নামে দুইজন প্রতারণার অভিযোগ করে মামলা করেছেন। এছাড়াও এ দুই মামলার আসামিদের বিরুদ্ধে একাধিক প্রবাসী সম্প্রতি প্রতারণার অভিযোগ এনে থানায় সাধারণ ডায়েরী করেছেন।
“পুলিশ প্রাথমিকভাবে অনেকটাই নিশ্চিত, তারা হোটেলের পরিচালনা পর্ষদের কথা বলে একাধিক প্রবাসীর থেকে প্রতারণা করে টাকা হাতিয়ে নিয়েছেন”
