বুয়েটকে অবকাঠামো পরীক্ষার যন্ত্রপাতি দিয়েছে আইএলও
গার্মেন্টস কারখানার ভৌত অবকাঠামো পরীক্ষায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে (বুয়েট) দেড় কোটি টাকার যন্ত্রপাতি দিয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)।
রোববার বিকেলে সিরডাপ মিলনায়তনে বাংলাদেশে নিযুক্ত আইএলও’র কান্ট্রি ডিরেক্টর শ্রীনিবাস বি. রেড্ডি বুয়েট উপাচার্য অধ্যাপক ড.এস.এম নজরুল ইসলামের হাতে এসব যন্ত্রপাতি হস্তান্তর করেন।
যন্ত্রপাতি হস্তান্তরের আগে শ্রীনিবাস রেড্ডি বলেন, “শ্রমিকদের জীবন ও স্বপ্ন আইএলও ধ্বংস হতে দিতে চায় না। কর্মরত শ্রমিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতেই কারখানার ভৌত অবকাঠামো পরীক্ষার জন্য বুয়েটকে আধুনিক যন্ত্রপাতি দেয়া হচ্ছে।”
বুয়েট উপাচার্য এস.এম নজরুল ইসলাম বলেন, কারখানার ভৌত অবকাঠামো ঝুঁকিপূর্ণ হলে শ্রমিকদের জীবন ঝুঁকির মধ্যে পড়ে। এতে সামগ্রিক উন্নয়ন ও উৎপাদন প্রক্রিয়া ব্যাহত হয়।
“তাই গার্মেন্টস কারখানার ভৌত অবকাঠামো পরীক্ষার মাধ্যমে কারখানাটি ঝুঁকিপূর্ণ কিনা তা জানা যায়। যদি কোন সমস্যা থাকে তা সমাধানে উদ্যোগ নেয়া যায়।”
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মিখাইল শিপার বলেন, “গার্মেন্টস শিল্প এখন শুধু শ্রমিক কিংবা মালিকের শিল্প নয়। এটি জাতীয় সেক্টর। এটি রক্ষায় তাই দরকার জাতীয় পরিকল্পনা।”
তিনি বলেন, “তাজরিনের আগুন ও রানা প্লাজার ধ্বংসযজ্ঞের পর দেশ ও বিশ্ববাসী স্তম্ভিত হয়ে পড়েছিল। দুটো দুর্ঘটনার কারণ অনুসন্ধানে দেখা গিয়েছে ভৌত অবকাঠামোগত সমস্যা সেখানে দুর্ঘটনার অন্যতম কারণ ছিল।
“দুর্ভাগ্যজনক হলেও সত্য কারখানার ভৌত অবকাঠামো পরীক্ষায় বুয়েট কর্তৃপক্ষের কাছে কোন অত্যাধুনিক যন্ত্রাংশ ছিল না। আইএলও এখন তা তাদের সরবরাহ করেছে।”
বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম বলেন, “বাংলাদেশে গার্মেন্টস শিল্প এখন হুমকিতে রয়েছে। তবে তার থেকে উত্তরণের পথও রয়েছে।”
রানা প্লাজা ও তাজরিন গার্মেন্টসের আর কোন ঘটনা দেখতে রাজি না মন্তব্য করে তিনি বলেন, এ শিল্পকে এগিয়ে নিতে হলে সবাইকে উদ্যোগী হতে হবে।
