জামানতকারী ছাড়াই ঋণ পাচ্ছেন ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা
পুঁজিবাজারের ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য গঠিত কেন্দ্রীয় ব্যাংকের পুনঃঅর্থায়ন তহবিল থেকে ঋণ পেতে জামানতকারীর প্রয়োজন হবে না।
এবিষয়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির সুপারিশে অর্থ মন্ত্রণালয় অনুমোদন দিলেই ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ঋণ দেয়ার প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী।
রোববার বিকালে আর্থিক খাতের পাঁচ নিয়ন্ত্রক সংস্থার সমন্বয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।
বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে গভর্নর আতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অর্থরিটি এবং সমবায় অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুঁজিবাজার ধসে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের সহায়তায় গত বছরের ২৯ মে সরকারের পক্ষে বাংলাদেশ ব্যাংক তিন কিস্তিতে ৯০০ কোটি টাকার একটি তহবিল গঠনের ঘোষণা দেয়।
বাংলাদেশ ব্যাংক, বিএসইসি ও সরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) যৌথভাবে একটি নীতিমালাও প্রণয়ন করে, যেটি পরিচালনার দায়িত্ব পায় আইসিবি।
নীতিমালা অনুযায়ী, ২০০৯ সালের ১ জানুয়ারি থেকে ২০১১ সালের ৩০ নভেম্বর পর্যন্ত পুঁজিবাজারে সর্বোচ্চ ১০ লাখ টাকা বিনিয়োগ করে যেসব বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা এই সুবিধা পাবেন।
এই সুবিধার আওতায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীর নেয়া ঋণের সুদের ৫০ শতাংশ মওকুফ করা হবে। অবশিষ্ট ৫০ শতাংশ সুদ ও আসল একটি সুদবিহীন ‘ব্লক অ্যাকাউন্টে’ রেখে তাদের নতুন ঋণ দেয়া হবে, যাতে সুদের হার হবে সর্বোচ্চ নয় শতাংশ।
নতুন করে ঋণ নেয়া বিনিয়োগকারীকে তিন মাসের কিস্তিতে তিন বছরে ঋণ পরিশোধ করতে হবে। ঋণ পরিশোধ শেষে ব্লক অ্যাকাউন্ট থেকে বিনিয়োগকারীরা আবার পুঁজিবাজারে লেনদেন করতে পারবেন।
তহবিলের প্রথম কিস্তির ৩০০ কোটি টাকা ইতোমধ্যেই আইসিবিকে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বর্তমানে ক্ষুদ্র বিনিয়োগকারীদের পক্ষে সংশ্লিষ্ট মার্চেন্ট ব্যাংক বা ব্রোকারেজ হাউজের জামানতের বিপরীতে আইসিবি ঋণ দিচ্ছে।
কিন্তু অধিকাংশ মার্চেন্ট ব্যাংক বা ব্রোকারেজ হাউজ গ্রাহকের পক্ষে জামানত দিতে রাজি না হওয়ায় চাহিদা থাকলেও তহবিল থেকে পর্যাপ্ত ঋণ ছাড় হচ্ছে না।
বিষয়টি তুলে ধরে এস কে সুর বলেন, “এই সমস্যা কাটাতে বিএসইসির পক্ষ থেকে অর্থ মন্ত্রণালয়ে একটি চিঠি দিয়ে জামানতকারী ছাড়া ঋণ দেয়ার অনুমোদনের সুপারিশ করা হয়েছে। আমরা আশা করছি, অর্থ মন্ত্রণালয় অনুমোদন দেবে।
“আমরা (বাংলাদেশ ব্যাংক) মনে করি, এই জামানতকারীর ব্যবস্থা না রাখাই ভালো।”
বৈঠকের বিষয়ে বিএসইসির কমিশনার আমজাদ হোসেন বলেন, “আমরা পুঁজিবাজারের স্থিতিশীলতার জন্য এই সমন্বয় কমিটির কাছে কিছু প্রস্তাব দিয়েছি। এর মধ্যে অন্যতম হচ্ছে পুঁজিবাজার বিষয়ে বাংলাদেশ ব্যাংক কোনো সিদ্ধান্ত নিলে তা যেন আমাদের (বিএসইসির) সাথে আগে আলোচনা করে।”
সম্প্রতি বাংলাদেশ ব্যাংক পুঁজিবাজারে বাণিজ্যিক ব্যাংক ও তাদের সাবসিডিয়ারি কোম্পানির বিনিয়োগসীমা নির্ধারণ করে সার্কুলার জারি করে। এই বিষয়ে বিএসইসি বা অন্য কোনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আগাম আলোচনা করেনি সংস্থাটি।
সাংবাদিকদের এসকে সুর বলেন, “পুঁজিবাজারে ব্যাংকগুলোর বিনিয়োগের তথ্য দৈনিক ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকে দেয়ার নিয়ম রয়েছে। ব্যাংকগুলোর পক্ষে দাবি করা হয়েছে তাদের ৭ দিনে বা ১৫ দিনে একবার রিপোর্ট করে তথ্য জানানোর সুযোগ দিতে।
“বিএসইসি এই প্রস্তাবে ইতিবাচক মত দেওয়ায় দ্রুত সিদ্ধান্ত নিয়ে ব্যাংকগুলোকে জানানো হবে।”
আগে ব্যাংকগুলো মাসিক ভিত্তিতে প্রতিবেদন জমা দিত। পুঁজিবাজার অস্থিতিশীল হয়ে পড়লে বাংলাদেশ ব্যাংক দৈনিক ভিত্তিতে বিনিয়োগের তথ্য নেয়া শুরু করে।
এছাড়া পুঁজিবাজারে স্থিতিশীলতা বজায় রাখতে সবক’টি নিয়ন্ত্রক সংস্থার মধ্যে অভ্যন্তরীণ যোগাযোগ বাড়ানো, বিএসইসি ও আইডিআরের মধ্যে ফাইন্যান্সিয়াল স্টাবিলিটি ইন্ডিকেটরের আদানপ্রদান চালু ও ব্যাংক ছাড়া অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ব্যবস্থা চালু করার বিষয়ে বৈঠকে আলোচনা হয় বলে ডেপুটি গভর্নর জানান।
