'গ্রিন মোবাইল অ্যাওয়ার্ড' পেল গ্রামীণ ফোন
পরিবেশবান্ধব কর্মসূচির জন্য মোবাইল অপারেটরদের আন্তর্জাতিক সংগঠন জিএসএম অ্যাসোসিয়েশনের সম্মানজনক পুরস্কার `গ্রিন মোবাইল অ্যাওয়ার্ড' পেল বাংলাদেশের সবচেয়ে বড় মোবাইল অপারেটর গ্রামীণফোন।
বুধবার গ্রামীণ ফোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগের দিন স্পেনের বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে গ্রামীণফোনের প্রধান নির্বাহী বিবেক সুদ আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার গ্রহণ করেন।
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গ্রামীণ ফোন ২০১০ সালে পরিবেশবান্ধব কার্যক্রম শুরু করে। কার্বন নিঃসরণ ও জীবাশ্ম জ্বালানির ক্ষতিকর প্রভাব কমিয়ে আনার লক্ষ্যে বিদ্যুৎ সাশ্রয়ী ‘বেইজ স্টেশন’ (বিটিএস) ও সব স্থাপনায় সৌর বিদ্যুৎ ব্যবহার শুরু করে প্রতিষ্ঠানটি।
নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের প্রতি গ্রামীণ ফোনের এ উদ্যোগকে বিবেচনায় নিয়ে জিএসএমএর বিচারকরা এ বছর গ্রিন মোবাইল পুরস্কারের জন্য বাংলাদেশি এ প্রতিষ্ঠানকে বেছে নেন।
বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে গ্রামীণ ফোনের চার কোটি ৭১ লাখের বেশি গ্রাহক। বাংলাদেশে একক কোনো মোবাইল অপারেটর হিসেবে তাদের গ্রাহক সংখ্যাই সবচেয়ে বেশি।
বার্সেলোনায় চার দিনব্যাপী মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে বাংলাদেশসহ বিভিন্ন দেশের কয়েক হাজার প্রযুক্তি বিশেষজ্ঞ, বিভিন্ন দেশের অপারেটর, মোবাইল হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান, কনটেন্ট প্রোভাইডারসহ মোবাইল শিল্প সংশ্লিষ্টরা অংশ নিয়েছেন।
তাদের মধ্যে ফেইসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ, আইবিএমর প্রধান নির্বাহী ভার্জিনিয়া রমেটি, টেলিনরের গ্রুপ প্রেসিডেন্ট জন ফ্রেডরিক বাকসাস, ফোর্ড মোটর কোম্পানির প্রেসিডেন্ট স্টিফেন টি ওডেল প্রমুখ রয়েছেন।
