টেলিটক-এয়ারটেল সমঝোতা স্মারক সই
অবকাঠামো ভাগাভাগি করে ব্যবহারের জন্য রাষ্ট্রায়ত্ব মোবাইল অপারেটর টেলিটকের সঙ্গে এক সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বেসরকারি ফোন অপারেটর এয়ারটেল বাংলাদেশ।
মঙ্গলবার এয়ারটেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ক্রিস টবিট এবং টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান এই সমঝোতা স্মারকে সই করেন।
এয়ারটেলের বনানী অফিসে স্বাক্ষরিত এ চুক্তি অনুযায়ী, দেশের বিভিন্নস্থানে এয়ারটেলের নির্মিত অবকাঠামোগুলো টেলিটক ব্যবহার করতে পারবে।
মোবাইল অপারেটরদের খরচ কমাতে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি অবকাঠামো ভাগাভাগি করে ব্যবহারের পরামর্শ দেয়।
চুক্তির ফলে টেলিটক এবং এয়ারটেলের ব্যয় সাশ্রয় হবে প্রতিষ্ঠান দুটি জানিয়েছে। এর ফলে গ্রাহকরাও আরো বেশি সাশ্রয়ী মূল্যে সেবা পাবেন বলেও মনে করছে তারা।
অনুষ্ঠানে ক্রিস টবিট বলেন, “এই সহযোগিতামূলক উদ্যোগটির মাধ্যমে গ্রাহকদের জন্য সর্বোন্নত টুজি এবং থ্রিজি ডাটা সেবা ও ভয়েস সেবা প্রদান করতে পারবো।”
এতে এয়ারটেলের পক্ষে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রতিষ্ঠানটির চিফ সাপ্লাই চেইন অফিসার জয়েশ প্যাটেল, চিফ টেকনিক্যাল অফিসার ইয়াসির এ মাবুদ, হেড সাইট অ্যাকুইজেশন অ্যান্ড প্রজেক্টস তারেক আজিজসহ প্রতিষ্ঠানটির উচ্চ পদস্থ কর্মকর্তারা।
টেলিটকের পক্ষে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থাটির থ্রিজি ডিরেক্টর গিয়াস উদ্দিন আহমেদ, রেগুলেটরি ও কপোর্রেট বিভাগের জেনারেল ম্যানেজার কাজী মোহাম্মদ গোলাম কুদ্দুসসহ প্রতিষ্ঠানটির অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তারা।
