এরিকসন বাংলাদেশের নতুন প্রধান
টেলিযোগাযোগ প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান এরিকসন বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিয়েছেন রাজেন্দ্র পাংরেকর।
এরিকসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক গ্যারি ডেওয়িংয়ের কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়েছেন পাংরেকর।
দায়িত্ব নেয়ার পর বাংলাদেশের যোগাযোগ প্রযুক্তি খাত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আশা প্রকাশ করেন তিনি।
ভারতীয় বংশোদ্ভুত ব্রিটিশ নাগরিক রাজেন্দ্র পাংরেকর বাংলাদেশে আসার আগে এরিকসনের গ্লোবাল সার্ভিসেস বিজনেস ম্যানেজমেন্টের আফ্রিকা অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে ছিলেন। এসময় তিনি আফ্রিকার ৪২টি দেশের সার্ভিস বিজনেস ম্যানেজমেন্টের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
ভারতে জন্ম নেয়া রাজেন্দ্রের ইউরোপ, এশিয়া এবং আফ্রিকার টেলিযোগাযোগ খাতে কাজ করার ২০ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে ।
