২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইর নেতৃত্বে সিদ্দিকুর রহমান মিয়া

ব্যবস্থাপনা ও মালিকানা আলাদা হওয়ার পর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রথম চেয়ারম্যান নির্বাচিত হলেন অবসরপ্রাপ্ত বিচারপতি মো. সিদ্দিকুর রহমান মিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2014, 07:04 PM

Updated : 01 Sep 2026, 12:25 PM

শুক্রবার রাজধানীর একটি হোটেলে পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে তিনি এই দায়িত্ব পান বলে ডিএসইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, স্বতন্ত্র পরিচালকদের মধ্যে থেকে সিদ্দিকুর রহমান মিয়া তিন বছরের জন্য চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। ১৯৭৬ সালের ১ জানুয়ারি মুন্সেফ হিসাবে সরকারি চাকরিতে যোগ দেয়া সিদ্দিকুর রহমান মিয়া ২০০২ সালের ২৯ জুলাই হাই কোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি হিসাবে নিয়োগ পান এবং দুই বছর পর স্থায়ী হন।

এরপর গত বছর ২৮ মার্চ আপিল বিভাগে যোগ দেন এবং ১ জুন অবসরে যান তিনি।

৬৭ বছর বয়সী এই সাবেক বিচারপতির জন্ম ১৯৪৬ সালের ২ জুন ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার বনমালিপুর গ্রামে।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে বিএ (সম্মান) ডিগ্রি অর্জনের পর লোকপ্রশাসন ও রাষ্ট্রবিজ্ঞানে এমএ পাশ করেন। এরপর একই বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে এলএলবি ডিগ্রি নেন।

আইন বিষয়ে ১৩৫টির বেশি বই লিখেছেন তিনি এবং বিচারিক জীবনকালে সাড়ে তিন শতাধিক রায় দিয়েছেন।

মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লাকে ফাঁসির রায় প্রদানকারী প্রধান বিচারপতি মোঃ মোজাম্মেল হোসেনের নেতৃত্বে গঠিত আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চের একজন ছিলেন বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া।

চেয়ারম্যান নির্বাচনের মধ্য দিয়ে ডিমিউচ্যুয়ালাইজেশন আইনে বদলে যাওয়া ডিএসইর নতুন পরিচালনা পর্ষদেরও যাত্রা শুরু হলো।

আগের ব্যবস্থায় ‘শেষ নির্বাচনে’ জয়ী হয়ে গত বছর জুনে ডিএসইর সভাপতির দায়িত্ব পেয়েছিলেন আহসানুল ইসলাম টিটো।

নতুন নিয়মে স্টক এক্সচেঞ্জের ১৩ সদস্যের পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হবেন সাতজন। চারজন পরিচালক আসবেন শেয়ারধারী বিনিয়োগকারীদের মধ্যে থেকে। একজন কৌশলগত বিনিয়োগকারী পরিচালক ও একজন ব্যবস্থাপনা পরিচালক থাকবেন।

কৌশলগত বিনিয়োগকারী পরিচালক এখনো না হওয়ায় বর্তমানে পর্ষদের সদস্য সংখ্যা ১২।

নতুন পর্ষদের সাত স্বতন্ত্র পরিচালকের মধ্যে বাকি ছয়জন হলেন-বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক আবুল হাসেম, সাবেক সচিব ওয়ালিউল ইসলাম, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার বিজ্ঞান বিভাগের অধ্যাপক এম কায়কোবাদ, এফবিসিসিআইয়ের প্রথম সহসভাপতি মনোয়ারা হাকিম আলী, ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) সাবেক সভাপতি মো. রুহুল আমিন ও সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মুজিবুর রহমান।

শেয়ারধারী চার পরিচালক হলেন- ডিএসইর সাবেক সভাপতি  ও ‘শাকিল রিজভী স্টক লিমিটেডের’ ব্যবস্থাপনা পরিচালক শাকিল রিজভী, খাজা ইক্যুইটি সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খাজা গোলাম, ডিএসইর সাবেক সিনিয়র সহ-সভাপতি ও জাহান সিকিউরিটিজের পরিচালক মো. শাহজাহান এবং শহীদুল্লাহ সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক শরীফ আনোয়ার হোসেন।

বৃহস্পতিবার ডিএসইর বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই ১১ জনকে পরিচালক হিসাবে অনুমোদন দেয়া হয়।

আর ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী কর্মকর্তা অধ্যাপক স্বপন কুমার বালা পদাধিকার বলে এই পর্ষদের পরিচালক।

পুঁজিবাজারে ব্যাপক উত্থান পতনের পর ২০১১ সালে স্টক এক্সচেঞ্জের ডিমিউচুয়ালাইজেশনের উদ্যোগ নেয় সরকার। এরপর চলতি বছর ২৯ এপ্রিল জাতীয় সংসদে ‘এক্সচেঞ্জেস ডিমিউচ্যুয়ালাইজেশন বিল, ২০১৩’ পাস হয়।

রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মসের (আরজেএসসি) কাছ থেকে সংঘস্মারক ও সংঘবিধির নিবন্ধিত সনদ এবং পাবলিক কোম্পানিতে রূপান্তরের পুনঃনিবন্ধন সনদ পাওয়ার পর ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ডিমিউচ্যুয়ালাইজেশন প্রক্রিয়া শেষ হয়।

ডিমিউচুয়ালাইজেশন অর্থ হলো- এক্সচেঞ্জ-এর লেনদেনের অধিকার হতে ব্যবস্থাপনা ও মালিকানা পৃথক করা। ১৯৯৩ সালে প্রথম এ ধারণা শুরু হয়। বর্তমানে বিশ্বের ৫০টিরও বেশি স্টক এক্সচেঞ্জে ডিমিউচ্যুয়ালাইজেশন সম্পন্ন হয়েছে; যার মধ্যে ভারত, পাকিস্তান, সিঙ্গাপুর ও নিউ ইয়র্ক স্টক একচেঞ্জ অন্যতম।

এ আইনের বিধান লঙ্ঘনে সংশ্লিষ্ট এক্সচেঞ্জকে অন্যূন ১০ লাখ টাকা অর্থদণ্ড ও নিবন্ধন সনদ স্থগিতের বিধান হয়েছে। কোনো পরিচালক, সদস্য, প্রধান নির্বাহী কর্মকর্তা, কর্মকর্তা-কর্মচারী, কমিটির কোনো সদস্য, শেয়ারহোল্ডার বা ব্যক্তিকে এক লাখ টাকা দণ্ড করা যাবে।

ডিমিউচ্যুয়ালাইজড্ হলো দেশের দুই পুঁজিবাজার