‘বাণিজ্য বৃদ্ধিতে শুল্কমুক্ত সুবিধা দেবে কানাডা’
বাংলাদেশ ও কানাডার মধ্যে বাণিজ্য বৃদ্ধিতে দুদেশ কাজ করছে বলে জানিয়েছেন বাংলাদেশে কানাডার হাইকমিশনার হিদার ক্রুডেন।
বুধবার যশোর চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন।
ক্রুডেন বলেন, “বর্তমানে এ দুদেশের মধ্যে বছরে ১৪ হাজার কোটি টাকার বাণিজ্য চলছে। প্রয়োজনে বাণিজ্য বাড়াতে আমরা বাংলাদেশের পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেব। যাতে এদেশের ব্যবসায়ীরা কানাডায় বিভিন্ন পণ্য রপ্তানি করতে পারে।”
ভারত ও দুবাইয়ে তাদের ট্রেড সেন্টার রয়েছে জানিয়ে তিনি বলেন, সেখানেও বাংলাদেশের ব্যবসায়ীরা তাদের পণ্য রপ্তানি করতে পারবেন।
একই সঙ্গে তিনি কানাডা থেকে পণ্য আমদানিরও আহ্বান জানান এদেশের ব্যবসায়ীদের।
বাংলাদেশ থেকে কানাডা ওষুধ ও সার আমদানি করবে বলেও তিনি জানান।
পোশাক রপ্তানি সম্পর্কে তিনি বলেন, “আমরা বাংলাদেশ থেকে বছরে ৬/৭ হাজার কোটি টাকার পোশাক নিয়ে থাকি। কিন্তু রানা প্লাজা ট্র্যাজেডি সারা বিশ্বে আলোড়ন তুলেছে। তাই পোশাক কারখানা ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”
যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কানাডিয়ান হাইকমিশনের অ্যাফেয়ার্স কমিশনার কামাল উদ্দিন, হেড অব পলিটিক্যাল দেনিয়েল লুতফি, যশোর চেম্বারের সহসভাপতি সাজ্জাদুর রহমান সুজা, যুগ্ম সম্পাদক শাহিনুর হোসেন ঠান্ডু, পরিচালক মিজানুর রহমান, যশোর মোটর পাটর্স অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম ফারুক লিটন, নারী উদ্যোক্তা আবিদা সুলতানা মুক্তি, তনুজা রহমান মায়া প্রমুখ।
