‘নতুন নির্বাচনের পক্ষে বেশিরভাগ মানুষ’
বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে অধিকাংশ মানুষ উদ্বিগ্ন এবং দেশের ভবিষ্যৎ নিয়েও তারা হতাশায় রয়েছেন বলে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি সংস্থার জনমত জরিপে বলা হয়েছে।
ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) পরিচালিত ওই জরিপে বলা হয়, ৫৯ শতাংশ বাংলাদেশি মনে করেন দেশ ভুল পথে এগোচ্ছে। আর ৩৫ শতাংশের মতে দেশ সঠিক পথেই রয়েছে।
অন্যান্য সমস্যা থাকা সত্ত্বেও দেশ ভুল পথে যাওয়ার জন্য রাজনৈতিক অস্থিতিশীলতাকে দায়ী করেছেন ৮৬ শতাংশ মানুষ। রাজনৈতিক অস্থিতিশীলতাই দেশের প্রধান সমস্যা বলে মন্তব্য করেছেন ৩৯ শতাংশ।
রিপাবলিকানদের সংস্থা আইআরআইয়ের পরিচালিত ওই জরিপে অংশ নেয়া বেশিরভাগ বাংলাদেশি দেশের অর্থনীতি নিয়েও হতাশা প্রকাশ করেছেন। আগামীতে পরিস্থিতি আরো খারাপ হবে বলে ৬০ শতাংশ মানুষ আশঙ্কা করছেন।
সহিংসতা নিয়ে উদ্বেগ আরো বেশি। জরিপে অংশ নেয়া ৭১ শতাংশ মানুষ মনে করেন আগামী বছরে পরিস্থিতির আরো অবনতি হবে।
অধিকাংশ বাংলাদেশিই নতুন নির্বাচনের পক্ষে মত দিয়েছেন। ৫৭ শতাংশ মানুষ আগামী ছয় মাসের মধ্যে নতুন নির্বাচন অনুষ্ঠানের পক্ষে। অন্যদিকে ৩৪ শতাংশ নতুন সরকারের মেয়াদ পূর্তির পক্ষে বলেছেন।
বিএনপি নেতৃত্বাধীন জোটের ৫ জানুয়ারির নির্বাচন বর্জনের সিদ্ধান্ত ঠিক ছিল না বলে ৫২ শতাংশ মানুষ মনে করেন।
দ্বৈবচয়ন পদ্ধতিতে ১৮ বছর কিংবা তার চেয়ে বেশি বয়সী দুই হাজার ৫৫০ জন প্রাপ্তবয়স্ক বাংলাদেশির মধ্যে গত ১২ থেকে ২৭ জানুয়ারি এ জরিপ চালানো হয়। দেশের সাতটি বিভাগ থেকেই মানুষের মতামত নেয়া হয় জরিপে।
যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইড এবং যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ডিএফআইডির অর্থায়নে এ জরিপ পরিচালিত হয়।
