বিমানের বহরে ‘আকাশ প্রদীপ’
যুক্তরাষ্ট্রের সিয়াটল থেকে রওনা হয়ে গত শুক্রবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে উড়োজাহাজ আকাশ প্রদীপ।রাষ্ট্রীয় বিমান পরিবহণ সংস্থার বহরের তৃতীয় বোয়িং ৭৭৭ এটি।
এ উপলক্ষে মঙ্গলবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জের সামনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
চুক্তি অনুযায়ী সময়মতো উড়োজাহাজ পাঠানোয় বোয়িং কোম্পানিকে ধন্যবাদ জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, “আমরা সময় মতো টাকা দিতে পেরেছি বলেই সময় মতো বিমান পেয়েছি।”
দেশের রাষ্ট্রায়ত্ত্ব বিমান পরিবহণ সংস্থা আগামীতে লাভজনক হবে বলে আশা প্রকাশ করেন তিনি। আগামী মার্চে ‘রাঙা প্রভাত’ নামের আরেকটি বোয়িং-৭৭৭ উড়োজাহাজ বাংলাদেশ বিমানের বহরে যুক্ত হওয়ার কথা রয়েছে। সেটিও সময়মতো আসবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এর আগে ২০১১ সালে ‘পালকি’ ও ‘অরুণ আলো’ নামে প্রথম ও দ্বিতীয় বোয়িং ৭৭৭ বিমানের বহরে যুক্ত হয়। বিমানের বহরকে আধুনিকায়ন করতে ২০০৮ সালে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে একটি চুক্তি করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ওই চুক্তির আওতায় বোয়িং থেকে মোট ১০টি উড়োজাহাজ কেনার কথা রয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠানটির। এর মধ্যে চারটি বোয়িং-৭৭৭, দুটি বোয়িং-৭৩৭ এবং চারটি বোয়িং-৭৮৭ ড্রিমলাইনার রয়েছে। চুক্তি অনুযায়ী সর্বশেষ ড্রিমলাইনার উড়োজাহাজটি ২০১৭ থেকে ২০১৯ সালের মধ্যে বহরে যুক্ত হওয়ার কথা। যাত্রী পরিবহন সেবায় নিয়োজিত বিশ্বের সর্বশেষ ডিসি-১০ কে বিদায় জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এটিও একটি ঐতিহাসিক মুহূর্ত। এখনো বিমানের বহরে ডিসি-১০ চালু থাকায় পাইলট এবং রক্ষণাবেক্ষণের সঙ্গে জড়িত সবাইকে ধন্যবাদ জানান তিনি।
শেখ হাসিনা বলেন, “বৈমানিক এবং কর্মচারীরা এতো দক্ষ যে, এই ঝড়ঝড়া বিমান চালিয়েছে। বাঙালি বলেই পেরেছে। সব সময় ঝুঁকি নিয়ে চালিয়েছে। আমি যখনই এই বিমানে ভ্রমণ করেছি, তখনই ককপিটে গেছি। খোঁজ-খবর নিয়েছি।” এই উড়োজাহাজে বহুবার ভ্রমণ করেছেন বলে জানান প্রধানমন্ত্রী। ডিসি-১০ উড়োজাহাজ বহরের কল্যাণেই ‘দশ লাখ যাত্রী পরিবহন’ ক্লাবে যুক্ত হয় বাংলাদেশ বিমান।
২০ ফেব্রুয়ারি শেষ উড়ালে যুক্তরাজ্য যাবে ডিসি-১০। এরপর যুক্তরাষ্ট্রের সিয়াটলে বোয়িং কোম্পানির ‘দ্য মিউজিয়াম অফ ফ্লাইটস’ জাদুঘরে ঠাঁই হবে তার।
১৯৬৭ সালে যুক্তরাষ্ট্রের দুটি উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ম্যাকডোনাল এয়ারক্রাফট করপোরেশন ও ডগলাস এয়ারক্রাফট কোম্পানি একীভূত হয়। পরের বছর ম্যাকডোনাল-ডগলাস কোম্পানি প্রথম ডিসি-১০ উড়োজাহাজ তৈরি করে, যা আকাশে ওড়ে ১৯৭০ সালের ২৯ অগাস্ট। ১৯৭১ সালে আমেরিকান এয়ারলাইনসের মাধ্যমে যাত্রা শুরু করে তিন ইঞ্জিনবিশিষ্ট এই উড়োজাহাজ।
ম্যাকডোনাল-ডগলাস বেসামরিক ব্যবহারের জন্য মোট ৩৮৬টি ডিসি-১০ তৈরি করে। সামরিক বাহিনীর জন্য করে ৬০টি।
ডিসি-১০-এর যাত্রীবাহী উড়োজাহাজ এখন আর কোনো বিমান সংস্থা ব্যবহার করে না। তবে মালবাহী (কার্গো) উড়োজাহাজ হিসেবে এখনো কয়েকটি বিমান সংস্থা এটি ব্যবহার করছে।
বাংলাদেশ বিমানের বহরে যুক্ত হওয়া ডিসি-১০ উড়োজাহাজগুলোর একটি ১৯৭৮ সালে, দুটি ১৯৭৯ সালে ও আরেকটি ১৯৮৮ সালে নির্মিত। এর মধ্যে একটি বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে চট্টগ্রামে দুর্ঘটনায় পড়ে চিরতরে অচল হয়ে যায়। বাকি তিনটির দুটি অনেক দিন ধরে বিকল পড়ে আছে।
এই অনুষ্ঠানে শেখ হাসিনা তার নেতৃত্বাধীন বিগত দুই সরকার আমলে যাত্রীদের সুবিধায় বিমানবন্দরের আধুনিকায়ন ও সম্প্রসারণের কথা তুলে ধরেন।
তিনি বলেন, ঢাকার বাইরের যাত্রীদের সুবিধার জন্য বিমানবন্দর রেলস্টেশন থেকে মূল টার্মিনাল পর্যন্ত একটি টানেল নির্মাণের জন্য সম্ভব্যতা যাচাই হয়েছে।
রেল চলাচল এবং বেসরকারি বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় যৌথভাবে এই কাজটি করবে বলেও জানান তিনি।
বাংলাদেশের সঙ্গে অন্যান্য দেশের সংযোগ রক্ষায় বিমানের সময়ানুবর্তীতার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, “বিমানকে সময়ানুবর্তীতার দিকে লক্ষ্য রাখতে হবে। বিমান এখন অনেক সময়ানুবর্তী হয়েছে। ভবিষ্যতে আরো হবে আশা করি।” কর্মকর্তা ও কর্মচারীরা আরো আন্তরিক হলে এবং পেশাদারিত্ব বজায় রাখলে বিমান অনেক বেশি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে বলে মনে করেন শেখ হাসিনা।
“বিমান লাভজনক প্রতিষ্ঠান হবে- এটাই আমাদের লক্ষ্য,” বলেন তিনি। বিমানের উড়োজাহাজে করমুক্ত দোকান ‘স্কাই সপ’ আরো আধুনিকায়নে জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে কথা বলবেন বলেও আশ্বাস দেন সরকার প্রধান। ডিজিটাল পদ্ধতিতে বিমানের টিকেট বিক্রির উপর জোর দেন তিনি। অভ্যন্তরীণ রুটে বিমানের জন্য দুটি ছোট উড়োজাহাজ কেনার কথাও বলেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে দশর্ক সারিতে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ ছাড়াও প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম এবং স্থানীয় সাংসদ সাহারা খাতুন উপস্থিত ছিলেন।
বিমানের ব্যবস্থাপনা পরিচালক কেভিন স্টিল অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।
অন্যদের মধ্যে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, বিমান বোর্ডের চেয়ারম্যান জামাল উদ্দিন আহমেদ, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন সচিব রশীদ আলম চৌধুরী, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা এবং বোয়িংয়ের আন্তর্জাতিক বিপণন পরিচালক সবিতা গৌড়া বক্তব্য রাখেন। বক্তব্যের পর শেখ হাসিনা বোয়িং-৭৭৭ এর সংযোজন উপলক্ষে কেক কাটেন।
পরে শিল্পকলা একাডেমির শিল্পীরা নৃত্য পরিবেশন করেন। এরপর বোয়িং-৭৭৭ এবং ডিসি-১০ ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।
