২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘হরতাল-অবরোধে ক্ষুদ্র শিল্পের ক্ষতি ৭ হাজার কোটি টাকা’

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের হরতাল-অবরোধে দেশব্যাপী “বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনে’র (বিসিক) শিল্পনগরীতে স্থাপিত কারখানাগুলোর সাত হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2014, 12:00 AM

Updated : 01 Sep 2026, 12:24 PM

সোমবার জাতীয় সংসদে নওগাঁ-৬ আসনের আওয়ামী লীগের সাংসদ মোঃ ইসরাফিল আলমের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল কার্যক্রমকে বাধাগ্রস্থ করা,  ট্রাইব্যুনালের ঘোষিত দণ্ডাদেশ এবং তা কার্যকর করতে গিয়ে বিএনপির’র নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের অরাজনৈতিক, ধ্বংসাত্মক ও জনবিচ্ছিন্ন কাজের ফলে বিসিক-এর আওতায় থাকা প্রতিষ্ঠানগুলোর উৎপাদন ব্যহত হয়েছে।

“দেশব্যাপী স্থাপিত শিল্পনগরীগুলোতে বেসরকারি খাতে উৎপাদনরত চার হাজার ২৫৪টি ক্ষুদ্র ও মাঝারি শিল্প-কারখানায় পণ্য উৎপাদন, বিপণন ও পরিবহন কাজ বিভিন্নভাবে বিঘ্নিত হওয়ায় আনুমানিক মোট ৭ হাজার ১৫০ কোটি ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।”

১৮ দলীয় জোটের ওই কর্মসূচীগুলোতে ‘বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের’ আওতাধীন মিল প্রতিষ্ঠানে ক্ষতির পরিমাণ এক কোটি ২৮ লাখ ৮৭ হাজার ৭০ টাকা বলেও সংসদে জানান আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য আমীর হোসেন আমু।

এছাড়া কাঁচামাল সঠিক সময়ে আমাদানি, জাহাজীকরণ এবং পণ্য খালাস করতে না পারায় বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের (বিএসইসি) নিয়ন্ত্রণাধীন শিল্প প্রতিষ্ঠানগুলোতে ‘ব্যাপক’ ক্ষতি হয়েছে বলেও জানান মন্ত্রী।