২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পূর্বাচলে হবে বাণিজ্য মেলার স্থায়ী ঠিকানা: মন্ত্রী

বাণিজ্য মেলার স্থায়ী কমপ্লেক্স তৈরীর জন্য রাজধানীর পূর্বাচলে জায়গা পাওয়া গেছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2014, 08:23 PM

Updated : 01 Sep 2026, 12:24 PM

সোমবার সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগরে আয়োজিত মাসব্যাপী ঢাকা আন্তজাতিক বাণিজ্য মেলার সমাপনী   অনুষ্ঠানে এ কথা জানান বাণিজ্যমন্ত্রী।

তোফায়েল আহমেদ বলেন, “বাণিজ্য মেলার জন্য পূর্বাচলে জায়গা পাওয়া গেছে ।এখন চূড়ান্ত অনুমোদন পাওয়া গেলেই সেখানে কাজ শুরু হবে।

তিনি পোশাক খাতের অগ্রগতির কথা উল্লেখ করে বলেন, “আমরা ২০০৮ সালের নির্বাচনে যখন ক্ষমতায় আসি তখন দেশের রপ্তানি বাণিজ্য ছিল ১৪ বিলিয়ন ডলারের। কিন্তু গত ২০১২-২০০১৩ অর্থবছরে এটা বেড়ে ২৭ বিলিয়ন দাঁড়ায়।

“সরকার ২০১৩-২০১৪ অর্থবছরে রপ্তানি টার্গেট নির্ধারণ করেছে ৩০ দশমিক বিলিয়ন ডলার। ইতিমধ্যে প্রথম ছয়মাসে রাজনৈতিক অস্থিরতার মধ্যেও ১৪ দশমিক ৬৮ বিলিয়ন ডলার অর্জিত হয়েছে। আশাকরি বাকি সময়ে আমাদের টার্গেট অর্জন করা সম্ভব হবে।”

আগামী ৫ বছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৫০ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলেও আশা প্রকাশ করেন বাণিজ্যমন্ত্রী।

মাসব্যাপি মেলায় অংশগ্রহণ করে কাজের স্বীকৃতি হিসেবে ৪৪টি স্টল ও প্যাভিলিয়নকে পুরস্কার দেওয়া হচ্ছে। এছাড়া ব্যবসায়ী সংগঠনসহ ২৪টি সহযোগি সংস্থা পুরস্কার পায়। মেলা প্রাঙ্গণে পুরস্কার বিতরণ করেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ।

এর আগে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে মেলার সমাপ্তি ঘোষণা করেন আয়োজকরা।

তাতে বলা হয়, এবছর মেলা থেকে এক কোটি ৫০ লাখ টাকা ভ্যাট আদায় হচ্ছে। আর রপ্তানি আদেশ পাওয়া গেছে ৮০ কোটি ৪৪  লাখ টাকার।

সমাপনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব মাহবুব আহমেদ, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ প্রমুখ।

এদিকে ছুটির দিন না হওয়া সত্ত্বেও শেষদিন হওয়ায় সোমবারও প্রচুর ভিড় ছিল মেলায়।

মেলায় পুরস্কার প্রাপ্ত প্রতিষ্ঠান

‘সাধারণ প্যাভিলিয়ন ক্যাটাগরি’তে প্রথম পুরস্কার পেয়েছে কারপান্না রংপুর লিমিটেড ও দ্বিতীয় পুরস্কার পেয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ‘সাধারণ সংরক্ষিত প্যাভিলিয়ন ক্যাটাগরিতে’ বিশেষ পুরস্কার লাভ করেছে বেসিক ব্যাংক লিমিটেড। ‘সংরক্ষিত মিনি প্যাভিলিয়ন’ ক্যাটাগরিতে বিশেষ পুরস্কার পায় ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড।

অন্যদিকে ‘সাধারণ স্টল ক্যাটাগরি’তে অনটেল (লাভা মোবাইল) প্রথম পুরস্কার  এবং যৌথভাবে ইস্ট এশিয়া কমপ্লেক্স প্রাইভেট লিমিটেড ও রানা টেক্সটাইল দ্বিতীয় এবং সাত্তার মেটাল ইন্ডাস্ট্রিজ, স্মার্ট সকস ও এপেক্স ফোম তৃতীয় পুরস্কার পায়। এই ক্যাটাগরিতে বিশেষ পুরস্কার পেয়েছে মৃধা ট্রেড ইন্টারন্যাশনাল।

এদিকে, ‘ফুড স্টল ক্যাটাগরি’তে হার্ভেস্ট রাইস পোল্ট্রি লিমিটেড প্রথম, বঙ্গজ লিমিটেড দ্বিতীয় এবং মাসফি ব্রেড অ্যান্ড বিস্কুট ইন্ডাস্ট্রিজ ও ইওন ফুড লিমিটেড তৃতীয় পুরস্কার পায়।

‘মহিলা উদ্যোক্তা ক্যাটাগরি’তে বিশেষ পুরস্কার পায় মা এন্টারপ্রাইজ, ব্রিন্টা জুট হ্যান্ডিক্রাফট ও আজনা মাসরম ফুড।

‘অনগ্রসর জনগোষ্ঠী ক্যাটাগরি’তে বিশেষ পুরস্কার পায় বনানী টেক্সটাইল, বাইশব হেন্ডিক্রাফট ও মনিপুরি থান এম্ফোরিয়াম।

নবীন উদ্যোক্তা অথবা রপ্তানিকারক ক্যাটাগরিতে বিশেষ পুরস্কার পেয়েছে রনো হ্যান্ডিক্রাফট। আর বিদেশি প্রিমিয়ার স্টল ক্যাটাগরিতে বিশেষ পুরস্কার পায় জর্দান কালার কর্পোরেশন ইউএসএ, অরিজিনিয়াল ইসতাম্বুল ক্রিস্টাল সান, ইন্ডিয়ান কার্পেট ইন্ডাস্ট্রিজ ও এমকে ইলেকট্রিক।

প্রিমিয়ার প্যাভিলিয়ন ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পায় ওয়াল্টন, হাতিল ও আখতার ফার্নিচার দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার সিংগার বাংলাদেশ, ক্লাসিকাল হোমটেক্স ও পারটেক্স ফার্নিচার তৃতীয় পুরস্কার পেয়েছে।

এছাড়া ম্যাক্স ইন্ডাস্ট্রিজ, নাদীয়া ফার্নিচার, নাভানা ফার্নিচার, রংপুর ফাউন্ডারি ও এশিয়ান টেক্সটাইল বিশেষ পুরস্কার পায়।

‘প্রিমিয়ার মিনি প্যাভিলিয়ন ক্যাটাগরি’তে প্রথম পুরস্কার পায় আব্দুল মোনেম লিমিটেড, দ্বিতীয় পুরস্কার ঢাকা আইসক্রিম এবং রোমানিয়া ফুড তৃতীয় পুরস্কার পায়।

প্রিমিয়ার স্টল ক্যাটাগরিতে প্রিন্স ফুড প্রথম, দ্বিতীয় পুরস্কার যৌথভাবে হেলাল অ্যান্ড ব্রাদার্স ও হামদর্দ ল্যাবরেটরিজ এবং  প্রাণ তৃতীয় পুরস্কার পায়।

এছাড়া দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই), ঢাকা চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি (ডিসিসিআই), মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) ও বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিকে সেবা প্রদানের জন্য পুরস্কার দেওয়া হয়।

এর পাশাপাশি সেবা প্রদানের জন্য আরও ১১টি সংস্থাকে এবং সৌজন্যমূলক কাজের জন্য নয়টি সংস্থাকে পুরস্কার দেওয়া হয়।