রিহ্যাবকে গ্যাস সংযোগের আশ্বাস তিতাসের
আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব সদস্যদের মধ্যে যেসব প্রতিষ্ঠান এখনো নির্মাণাধীন অথবা নির্মিত প্রকল্পে গ্যাস সংযোগ পায়নি, তাদের তালিকা চেয়েছে তিতাস গ্যাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড।
মঙ্গলবার রিহ্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, তালিকা পাওয়ার পরপরই দ্রুত গ্যাস সংযোগের পদক্ষেপ নেয়ার আশ্বাসও দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিটি জানায়, রিহ্যাব সহ-সভাপতি লিয়াকত আলী ভূঁইয়ার নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল মঙ্গলবার তিতাস গ্যাসের একটি প্রতিনিধি দলের সঙ্গে দেখা করে বৈঠক করেন।
বৈঠকে রিহ্যাব পক্ষ থেকে আবাসন শিল্পের গ্যাস সংযোগের বিভিন্ন ধরনের সমস্যা তুলে ধরে এগুলো সমাধানের ব্যপারে কার্যকরী সহযোগিতা চাওয়া হয়।
বিজ্ঞপ্তিটি জানায়, সংযোগ না পাওয়া প্রতিষ্ঠানগুলোর তালিকা দিলে এসব প্রতিষ্ঠানকে শিগগিরই গ্যাস সংযোগের আশ্বাস দেন তিতাস ব্যবস্থাপনা পরিচালক নওশাদ।
বৈঠকে সংগঠনটির সহ-সভাপতি লিয়াকত ছাড়াও রিহ্যাব প্রতিনিধি দলে ছিলেন সাধারণ সম্পাদক মোঃ ওয়াহিদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মো: সাইদুল ইসলাম বাদল, যুগ্ম-কোষাধ্যক্ষ প্রকৌশলী আনসার আলী এবং কার্যনির্বাহী সদস্য ও ইউটিলিটি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান প্রকৌশলী শেখ মোঃ শোয়েব উদ্দীন।
তিতাস গ্যাসের পক্ষে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক ছাড়াও বৈঠকে ছিলেন জেনারেল ম্যানেজার প্রকৌশলী আসাব উদ্দীন, প্রকৌশলী মীর মশিউর রহমান প্রমুখ।
