২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজারে আসছে ইউনাইটেড পাওয়ার ও পেনিনসুলা চিটাগাং

একটি বিদ্যুৎ কোম্পানি ও সেবা খাতের একটি প্রতিষ্ঠানকে শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে সাড়ে তিনশ কোটি টাকা সংগ্রহের অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2014, 07:30 PM

Updated : 01 Sep 2026, 12:21 PM

এর মধ্যে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড বুক বিল্ডিং পদ্ধতিতে ৩ কোটি ৩০ লাখ শেয়ার ছেড়ে ১৯৮ কোটি  টাকা তুলে নেবে।

আর হোটেল কোম্পানি পেনিনসুলা চিটাগাং লিমিটেড প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে ৫ কোটি ৫০ লাখ শেয়ার থেকে সংগ্রহ করবে ১৬৫ কোটি টাকা।

মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে কমিশনের (বিএসইসি) নিয়মিত সভায় এ অনুমোদন দেয়া হয়।

কমিশনের দায়িত্বপ্রাপ্ত মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুক বিল্ডিং পদ্ধতিতে ইউনাইটেড পাওয়ারের প্রতিটি শেয়ারের নির্দেশক মূল্য ঠিক করা হয়েছে ৫০ টাকা প্রিমিয়ামসহ ৬০ টাকা।

২০১২ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থ বছরে ইউনাইটেড পাওয়ারের শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১০ টাকা ২১ পয়সা।

এ কোম্পানির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে লংকাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড ও নিবন্ধক আইসিবি ক্যাপিটাল ম্যানেজম্যান্ট লিমিটেড।

পুঁজিবাজার থেকে সংগ্রহ করা অর্থ দিয়ে ঋণ পরিশোধ, চলতি মূলধনের সংস্থান ও প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) ব্যয় নির্বাহ করবে বলে ইউনাইটেড পাওয়ার কর্তৃপক্ষ জানিয়েছে।

পেনিনসুলার প্রতিটি শেয়ারের দাম নির্ধারণ করা হয়েছে ২০ টাকা প্রিমিয়ামসহ ৩০ টাকা।

৩০ জুন ২০১৩ পর্যন্ত সময়ে সমাপ্ত অর্থবছরে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ২ টাকা ৪৯ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদ ৩২ টাকা ৭৩ টাকা।

আইপিওর মাধ্যমে তোলা অর্থ দিয়ে প্রতিষ্ঠানটি হোটেলের সম্প্রসারণ করবে এবং একটি নতুন হোটেল নির্মাণ করবে বলে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাকে জানানো হয়েছে।