২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোশাক রপ্তানিতে উৎসে কর কমছে

শ্রমিকদের নতুন মজুরি কাঠামো বাস্তবায়ন ও রাজনৈতিক অস্থিরতার ক্ষতি পোষাতে তৈরী পোশাক শিল্পের রপ্তানি আয়ের ওপর থেকে উৎসে কর কমানোর উদ্যোগ নিতে যাচ্ছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2014, 11:31 PM

Updated : 22 Aug 2022, 05:38 PM

অর্থ মন্ত্রণালয় এক চিঠিতে তৈরি পোশাক শিল্পের উৎসে কর শুণ্য দশমিক ৮০ শতাংশ থেকে কমিয়ে দশমিক ৩০ শতাংশে নির্ধারণের পরামর্শ দেয়া হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর)।  

ফলে পোশাক রপ্তানিকারকরা শূণ্য দশমিক ৫০ শতাংশ উৎসে কর মওকুফ পাচ্ছেন। আগামী ২০১৫ সালের ৩০ জুন পর্যন্ত পোশাকশিল্প মালিকরা এ সুবিধা পাবেন।

এতে সরকারের ২ হাজার ৫০০ কোটি টাকার রাজস্ব আয় কম হবে বলে এনবিআর এক চিঠিতে অর্থমন্ত্রণালয়কে জানিয়েছে।

এ প্রসঙ্গে বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি আতিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নতুন বেতন কাঠামো বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত উদ্যোগে পোশাকশিল্প মালিকদের এই রাজস্ব প্রণোদনা দেওয়া হচ্ছে। তবে যে হারে শ্রমিকদের বেতন বেড়েছে, সে ক্ষতি পুষিয়ে নিতে এই প্রণোদনা ছয় ভাগের এক ভাগ মাত্র। তবুও আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।”

অর্থমন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক সংঘাত-সহিংসতা ও অস্থিরতায় পোশাকশিল্পসহ বিভিন্ন শিল্প-প্রতিষ্ঠানের মালিক ও ব্যবসায়ীরা সরকারের কাছে আর্থিক প্রণোদনা ও বিভিন্ন ধরনের নীতি সহায়তা দাবি করেছে।

এরমধ্যে পোশাকশিল্প মালিকরা তাদের প্রচলতি উৎসে কর মওকুফের দাবি করে আসছিলেন। সরকার বিষয়টি আমলে নিয়েই সম্প্রতি অর্থমন্ত্রণালয় থেকে একটি প্রস্তাব পাঠানো হয় এনবিআরে।

ওই প্রস্তাবে বলা হয়, পোশাকশিল্পের প্রচলিত উৎসে কর শূণ্য দশমিক ৮০ শতাংশ থেকে কমিয়ে শূণ্য দশমিক ৪০ শতাংশ করা হোক। তবে অর্থ মন্ত্রণালয়ের ওই প্রস্তাবে আপত্তি জানিয়ে তা ফিরিয়ে দেয় এনবিআর। পরে অর্থ মন্ত্রণালয় আরেকটি প্রস্তাবে উৎসে কর শূণ্য দশমিক ৩০ শতাংশ নির্ধারণের পরামর্শ দেয়।

এনবিআর ওই প্রস্তাবটি পর্যালোচনা করে দেখেছে, আগামী ২০১৫ সালের ৩০ জুন পর্যন্ত উৎসে করহার শূণ্য দশমিক ৫০ শতাংশ মওকুফ করা হলে সরকারের দুই হাজার ৫০০ কোটি টাকার রাজস্ব কম হবে।

এর আগে তৈরী পোশাক শিল্পের ক্ষতি পুষিয়ে নিতে সরকার বেশকিছু নীতি সহায়তা দিয়েছে।

এরমধ্যে টিটির মাধ্যমে রপ্তানিতে ৫ শতাংশ নগদ সহায়তা, রপ্তানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) সুদ হার কমানো, ডাউন পেমেন্ট ছাড়াই অথবা ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে খেলাপি ঋণ পুনঃতফসিলের সুযোগ, শিল্প পণ্য আমদানিতে আগাম মূল্য পরিশোধের ব্যবস্থা ইতোমধ্যেই বাস্তবায়ন করা হয়েছে।