ইউনিলিভারের দক্ষিণ এশিয়ার ভাইস প্রেসিডেন্ট ঢাকায়
বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ইউনিলিভারের দক্ষিণ এশিয়ার নির্বাহী ভাইস প্রেসিডেন্ট সঞ্জীব মেহতা এখন বাংলাদেশে।
চার দিনের সফরে শনিবার তিনি ঢাকায় পৌঁছান বলে ইউনিলিভার বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
হিন্দুস্তান ইউনিলিভারের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা দশককাল আগে বাংলাদেশে কাজ করে গেছেন।
১৯৯৯ থেকে ২০০৬ সাল পর্যন্ত ইউনিলিভার বাংলাদেশে প্রথমে কমার্শিয়াল ডিরেক্টর এবং পরে চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন তিনি।
ইনস্টিটিউট অফ চার্টার্ড একাউন্টেন্টস অফ ইন্ডিয়া থেকে স্নাতক ডিগ্রিধারী সঞ্জীব ২০০৪ সালে হার্ভার্ড বিজনেস স্কুলে অ্যাডভান্সড ম্যানেজমেন্ট প্রোগ্রাম সম্পন্ন করেন।
১৯৯২ সালে ইউনিলিভারে যোগ দেয়ার পর ফিলিপিন্স, আফ্রিকা ও মধ্য প্রাচ্যে কাজ করেন তিনি।
দক্ষিণ এশিয়ায় ইউনিলিভারের নির্বাহী ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পাওয়ার পর এটাই সঞ্জীবের প্রথম ঢাকা সফর।
এই সফরে ২০১৪ সালকে ঘিরে বার্ষিক পরিকল্পনা ও অগ্রগতির নানা দিক নিয়ে তিনি বাংলাদেশে ইউনিলিভারের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
