সিম চালুর আগে পরিচয়পত্রের তথ্য মেলাবে অপারেটররা
গ্রাহকদের পরিচয় নিশ্চিত করতে তাদের জাতীয় পরিচয়পত্রের তথ্যভাণ্ডার মোবাইল অপারেটরদের ব্যবহারের সুযোগ দিতে যাচ্ছে সরকার।
ডাক টেলিযোগাযোগমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী জানিয়েছেন, শিগগিরই ইসির সঙ্গে আলোচনা করে বিষয়টি চূড়ান্ত করা হবে।
রোববার মন্ত্রণালয়ে মোবাইল অপারেটরদের সংগঠন ‘অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস’ (অ্যামটব)- এর প্রতিনিধি দলের সঙ্গে এক বৈঠক শেষে মন্ত্রী এ কথা জানান।
তিনি বলেন, “অপারেটররা যাতে ভোটার তালিকা থেকে গ্রাহকের পরিচয় নিশ্চিত করে সংযোগ চালু করতে পারে সে উদ্যোগ নেয়া হচ্ছে।”
তিনি জানান, নির্দিষ্ট ফির বিনিময়ে অপারেটররা যাতে নির্বাচন কমিশনের ‘ভোটার ডেটাবেইজ’ ব্যবহার করতে পারে সেজন্য উদ্যোগ নেয়ার আশ্বাস দেয়া হয়েছে।
বিটিআরসির নির্দেশে ২০১২ সালের ১২ অক্টোবর থেকে দেশে ‘প্রিঅ্যাকটিভ সিম’ (আগে থেকেই চালু) বিক্রি বন্ধ রয়েছে।
ওই নির্দেশনা অনুযায়ী, গ্রাহক পরিচয় নিশ্চিত করেই অপারেটররা সংযোগ (রিম/সিম) সচল করবে।
বর্তমানে জাতীয় পরিচয়পত্রের কপি কিংবা অন্য কোনো নথি ব্যবহার করে গ্রাহকরা মোবাইল ফোনের সংযোগ নিতে পারেন। এক্ষেত্রে প্রায়ই ভুয়া জাতীয় পরিচয়পত্র বা নথি ব্যবহারের ঘটনা ঘটছে বলে অভিযোগ রয়েছে।
ভুয়া তথ্যে নেয়া এসব সংযোগ চাঁদাবাজি, হুমকি, সন্ত্রাসী ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে ব্যবহৃত হচ্ছে বলেও অভিযোগ এসেছে।
জাতীয় পরিচয়পত্রের তথ্যভাণ্ডার ব্যবহারের সুযোগ পেলে অপারেটররা অনলাইনে গ্রাহকের পরিচয় ও তথ্য নিশ্চিত করে সিম চালু করার ব্যবস্থা নিতে পারবে।
বর্তমানে নির্বাচন কমিশনের সঙ্গে সমঝোতা স্মারকে সই করে বাংলাদেশ ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ড ভোটারদের এই তথ্যভাণ্ডার ব্যবহার করছে।
নির্বাচন কমিশনের হালনাগাদ তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশে ভোটার সংখ্যা ৯ কোটি ১৯ লাখের বেশি।
আর টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির তথ্য অনুযায়ী গত ডিসেম্বর পর্যন্ত দেশের ছয়টি মোবাইল ফোন অপারেটরের মোট গ্রাহক সংখ্যা ১১ কোটি ৩৭ লাখ।
