টাওয়ার নেটওয়ার্ক বিক্রির আবেদন করেনি এয়ারটেল
টাওয়ার নেটওয়ার্ক বিক্রি করে মোবাইল অপারেটর এয়ারটেল পুঁজি বাড়ানোর পরিকল্পনা নিলেও সে বিষয়ে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিতে কোনো ধরনের আবেদন আসেনি বলে জানিয়েছেন সংস্থার প্রধান সুনীল কান্তি বোস।
টাওয়ার নেটওয়ার্ক বিক্রির কথা ভাবছে এয়ারটেল
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান শুক্রবার বিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা বলেন।
সম্প্রতি টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের চতুর্থ বৃহত্তম মোবাইল ফোন অপারেটর এয়ারটেল নিজেদের টাওয়ার নেটওয়ার্ক অবকাঠামো বিক্রি করে ২০ কোটি ডলার সংগ্রহ করতে চায়।
সুনীল বলেন, “এয়ারটেলের কাছ থেকে এ ধরনের এখনো কোন প্রস্তাব বা আবেদন আমরা পাইনি, বিষয়টি আমি বিভিন্ন গণমাধ্যমে থেকে জেনেছি।”
এয়ারটেল যদি এ ধরনের প্রস্তাব পেশ করে তাহলে পরবর্তী পদক্ষেপ কি হবে জানতে চাইলে চেয়ারম্যান বলেন, “যদি তারা আবেদন করে তাহলে বিষয়টি নিয়ে বিবেচনা করা হবে, প্রচলিত আইন অনুযায়ী সিদ্ধান্ত নেয়া হবে।”
তবে বাংলাদেশের টেলিকম ব্যবসা ও অন্যান্য বিষয় পর্যালোচনা করেই সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান সংস্থার প্রধান।
অবশ্য বিটিআরসির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, সম্প্রতি ভারতের একটি প্রতিষ্ঠান টাওয়ার নেটওয়ার্ক ব্যবসার বিষয়ে চেয়ারম্যানের সাথে দেখা করতে চেয়েছে।
সাক্ষাত প্রার্থী প্রতিষ্ঠান এয়ারটেলের টাওয়ার নেটওয়ার্ক বিক্রি বা কোন বিষয়ে আগ্রহী তা সাক্ষাতের পরপরই বোঝা যাবে বলে জানান ওই কর্মকর্তা।
এয়ারটেলের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে ভারতীয় ওই পত্রিকাটি লিখেছে, সুনীল মিত্তালের মালিকানাধীন ভারতী ইতোমধ্যে আফ্রিকা ও বাংলাদেশে তাদের টাওয়ার নেটওয়ার্ক বিক্রির জন্য আলাদা প্রস্তাব পেয়েছে।
বাংলাদেশে এয়ারটেলের নেটওয়ার্কে প্রায় চার হাজার টাওয়ার আছে, যার মাধ্যমে তারা প্রায় ৮৩ লাখ গ্রাহককে মোবাইল ফোন সেবা দিচ্ছে। আর আফ্রিকার ১৭টি দেশে তাদের গ্রহক সংখ্যা ৬ কোটি ৬৩ লাখ।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে এয়ারটেলের চার হাজার টাওয়ার নেটওয়ার্ক বিক্রি করার পরিকল্পনা করছে ভারতী। আফ্রিকায়ও টাওয়ার বিক্রির কথা শোনা গেছে।
এয়ারটেল আশা করছে, শুধু বাংলাদেশের টাওয়ার বিক্রি করেই তারা ২০ কোটি ডলার তহবিল সংগ্রহ করতে পারবে।
গতবছর দুবাইভিত্তিক ধাবি গ্রুপের কাছ থেকে ওয়ারিদ টেলিকমের ৩০ ভাগ শেয়ার কিনে প্রতিষ্ঠানটির চালকের আসনে বসে ভারতী।
