মেলায় ক্রেতাদের ভিড়, বিক্রেতারাও খুশি
ছুটির দিনে চাকরিজীবীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পদচারণায় জমজমাট ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। দর্শনার্থীদের অনেককে দেখা যায় ঘুরে ঘুরে কেনাকাটা করতে, আবার অনেকে পেয়েছেন উৎসবের আমেজ। ব্যবসা ভালো হওয়ায় বিক্রেতারাও জানালেন সন্তুষ্টির কথা।
শুক্রবার রাজধানীর শেরেবাংলা নগরে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা ঘুরে পাওয়া যায় এমন চিত্র।
সকালের দিকে মেলায় তেমন লোকসমাগম না থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে দর্শনার্থীদের আগমন। বিকেলে মেলার প্রবেশ পথে দেখা যায় দর্শনার্থীদের দীর্ঘ সারি। এ সময় ভিতরেও হয় প্রচণ্ড ভিড়।
ভিড় ঠেলতে হলেও বিরক্তি নেই, বরং স্টলে স্টলে ঘুরে পচ্ছন্দের জিনিসটি কিনতে পারায় সন্তুষ্টির কথা জানান ক্রেতারা।
রাজধানীর মোহাম্মদপুরের রাজিয়া সুলতানা একটি এনজিওতে কাজ করেন।
শুক্রবার ছুটি থাকায় মেলায় আসতে পেরেছেন বলে জানান তিনি। ঘুরে ঘুরে চটের ব্যাগ ও ইরানি মসলাও কেনা হয়ে গেছে তার।
“মেলার ব্যবস্থাপনা ভালো আছে। বিভিন্ন স্টল ঘুরে দেখে কিছু জিনিস কিনতে পেরে এখন আমার খুব ভাল লাগছে,” বলেন তিনি।
একই ধরনের কথা বলেন একটি আইটি কোম্পানির বিক্রয় কর্মী রিয়াসাত হুদা।
“আমি কিছু টুকিটাকি সাংসারিক জিনিস কিনেছি। এছাড়া জিনিসপত্রের দাম যাচাইয়ের জন্য বিভিন্ন স্টল ঘুরেছি। দেখলাম সব জিনিসের দাম নাগালের মধ্যেই আছে।”
মেলায় উৎসবের আমেজ পাচ্ছেন বলে জানান একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা নিশাত আহমেদ সুহানা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সংসারের প্রয়োজনীয় কিছু ইলেকট্রনিক্স কেনার ইচ্ছে আছে। গোটা মেলার মধ্যেই কেমন যেন একটা পিকনিক স্পটের আমেজ আছে। বাণিজ্যমেলা একটা বিনোদনের জয়গাও বটে।”
মেলায় বিক্রি নিয়ে সন্তোষ প্রকাশ করেন বিক্রেতাদের অনেকে।
জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতির ব্যবস্থাপক (সেলস) আব্দুল মোমিন রুবেল বলেন, “বিক্রিবাট্টা ভালই হচ্ছে। আমরা যতোটুকু আশা করেছিলাম ততোটুকু এখনো হয়নি, তবে যা হয়েছে তা খারাপ না। আমরা সন্তুষ্ট।”
তিনি জানান, রাজশাহী ক্রেপ সিল্ক, সফট সিল্ক, অ্যান্ডি সিল্ক ও কাশ্মীরি শালের চাহিদা বেশি। তবে দেশি সুতি ও তাঁতের শাড়িও চলছে বেশ।
মেলায় বিক্রিতে সন্তুষ্টির কথা জানিয়ে ওয়ালটন ইলেকট্রনিক্সের ব্যবস্থাপক (সেলস) সুমন চন্দ্র শীল বলেন, “সাম্প্রতিক সময়ে বাংলাদেশে যে রাজনৈতিক অস্থিরতা গেল তাতে আমরা যে ক্ষয়ক্ষতির যে আশঙ্কা করেছিলাম তা ঘটেনি। প্রচুর মানুষ আসছেন, জিনিসপত্র কিনছেন।”
গতবারের তুলনায় এবার বিক্রি বাড়বে বলেও আশা প্রকাশ করেন তিনি।
ওয়ালটনের এই কর্মকর্তা জানান, এবার মেলায় এখন পর্যন্ত ফ্রিজ, টেলিভিশন, ওভেনসহ গৃহস্থালী সামগ্রীই বেশি চলছে।
কে ক্র্যাফটসের অন্যতম মালিক তরিকুল ইসলাম, হাতিল ফার্নিচারের ব্যবস্থাপক (সেলস) বজলুল করিমও বিক্রি নিয়ে একই কথা বলেন।
তবে সার্বিকভাবে মেলার পরিস্থিতি নিয়ে কিছুটা অসন্তোষ ঝরে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের ব্যবসায়ী এলাহী বখশের কণ্ঠে।
এবারের মেলায় শাল ও গালিচা নিয়ে স্টল বসিয়েছেন তিনি।
তিনি বলেন, “আমি গত ছয় বছর ধরে মেলা উপলক্ষে নিয়মিত এই দেশে আসছি। কিন্তু এবারে আমার ব্যবসার অবস্থা সবচেয়ে খারাপ। ক্রেতা আসছেন, দর কষাকষি করে চলে যাচ্ছেন। বিক্রিবাট্টা তেমন হচ্ছে না।”
ভারতের রাজধানী নয়া দিল্লি থেকে আগত ব্যবসায়ী আজাদ কুরেশী বলেন, “খুব ধীরগতিতে ব্যবসা হচ্ছে। আমি কোনো লাভের আশা করছি না।”
তিন বছর ধরে বাণিজ্য মেলায় অংশ নেয়ার কথা জানিয়ে তিনি বলেন, “এখানে স্টলের রেন্ট অত্যন্ত বেশি। এটা কিছুটা কম হলে আমাদের জন্য ভাল হত।”
মেলায় বিদেশিদের জন্য আলাদা জায়গা নির্দিষ্ট করে দেয়ার দাবি জানান থাইল্যান্ডের উদ্যোক্তা ওয়েং র্যাংনি।
তিনি বলেন, “আসলে এখানে বিদেশিদের জন্য আলাদা জায়গা দরকার। এখানে আমরা গত কয়েক বছর ধরেই দেখছি, বিভিন্ন দেশের জন্য নির্দিষ্ট প্যাভিলিয়নে স্থানীয় লোকজন স্টল দিচ্ছেন।
“গতবছরের তুলনায় এবারের মেলায় বিদেশিদের অংশগ্রহণ কম। আমি আশা করবো, মেলা কর্তৃপক্ষ ভবিষ্যতে বিদেশিদের জন্য পৃথক জায়গার বন্দোবস্ত করবে।”
এ বিষয়ে মেলা আয়োজক কমিটির উপপরিচালক এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব রেজাউল করিম বলেন, “সাম্প্রতিক সময়ে যে ধরনের রাজনৈতিক অস্থিরতা গেছে তাতে এই বছর আমাদের মেলা অর্গানাইজ করাই একটা বড় চ্যালেঞ্জ ছিল। আমাদের বিদেশি বন্ধুদের এ বিষয়টি বোঝা উচিত।
”তারপরেও আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, গোটা মেলা যেন সর্বাঙ্গসুন্দর হয়। ডিসিপ্লিনে যেন কোনো খুঁত না থাকে। ১২টি দেশ এবার মেলায় অংশগ্রহণ করেছে। এখন পর্যন্ত আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি।”
গত ১২ দিনে মেলায় ব্যাপক সাড়া পাওয়া গেছে জানিয়ে তিনি বলেন, “এবারের মেলা অন্যান্য বারের চেয়ে সফল হবে বলে আমরা আশা করছি।”
