বীমা কোম্পানিগুলোর ওপর চটা মুহিত
দেশের বীমা কোম্পানিগুলোর কার্যক্রমে অসন্তোষ জানিয়ে তাদের সাবধান করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘চুরি-চামারি’ বন্ধ না করলে তাদের ‘শক্ত হাতে দমন’ করা হবে।
সোমবার সচিবালয়ে রাষ্ট্রায়াত্ত বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও নিয়ন্ত্রক সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় অর্থমন্ত্রী নিজেই বীমার প্রসঙ্গটি তোলেন।
এসময় উত্তেজিত ভঙ্গিতে তিনি বলতে শুরু করেন, “বীমা খাতটি অত্যন্ত জঘন্য খাত এই দেশে, সবচেয়ে দুর্বল খাতটি হচ্ছে বীমা।”
বীমা কোম্পানি (বর্তমানে ৭৬টি) বেশি হয়ে যাওয়ায় এই সমস্যার সৃষ্টি হয়েছে দাবি করে মুহিত বলেন, “কিন্তু এটার মধ্যে কোনো নিয়ন্ত্রণ হয় নাই এতদিন। এখন নিয়ন্ত্রক এসেছে। সেখানে তাদের প্রতিবন্ধক আসছে।”
বীমা খাতের স্বচ্ছতা আনার জন্য গত সরকারের আমলে ‘বীমা আইন’ এবং ‘বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন’ করা হয়।
এরপর ২০১১ সালে প্রতিষ্ঠা করা হয় বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ), যার প্রথম চেয়ারম্যান করা হয় শেফাক আহমেদকে।
আইডিআরএ থেকে কয়েকটি বীমা কোম্পানির অস্বচ্ছতার বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার পরই নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান শেফাক আহমেদের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে মামলা হতে শুরু করে। বেশিরভাগ মামলাতেই অভিযোগ করা হয়, শেফাক আহমেদ বিদেশে পাঠানোর জন্য টাকা নিয়ে প্রতারণা করেছেন।
বীমা কোম্পানির দুর্নীতি ও আইডিআরএ চেয়ারম্যানের মামলার উল্লেখ করে মুহিত বলেন, “এই বীমাটা ছিল লুটপাটের ক্ষেত্র, চুরির ক্ষেত্র। এটা বন্ধ হচ্ছে, এর জন্য তার থেকে প্রতিবাদও আসছে। ৫০টা কেইস করে দেয়। এর সবকিছুর পেছনে বীমা কোম্পানিগুলো আছে।”
“এই বীমা কোম্পানিগুলো দুষ্ট কোম্পানি। তাদের আমি সাবধান করে দিচ্ছি, তাদের ভদ্র হওয়া উচিত, তাদের যৌক্তিক হওয়া উচিত, তাদের চুরি-চামারি বন্ধ করা উচিত, তা না হলে আমরা এটা শক্ত হাতে দমন করব,” হুঁশিয়ারি দেন তিনি।
