বেসিসের নতুন লোগো উন্মোচন
ছোট ছোট লক্ষ্যমাত্রা পূরণের মাধ্যমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতকে বিশ্বে প্রথম সারিতে নিয়ে যাওয়াই হবে সরকারের মূল পরিকল্পনা বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের নব-নিযুক্ত প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ।
সোমবার বিকালে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসের (বেসিস) মিলনায়তনে, সংগঠনটির নতুন ‘লোগো উন্মোচন’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন ।
পলক বলেন, “তথ্য যোগাযোগ প্রযুক্তি খাতে আমরা ‘ফলোয়ার’ না, আমরা ‘লিডার’ হতে চাই।”
তবে এই লক্ষ্য অর্জনে সব মন্ত্রণালয়ের সাহায্য দরকার উল্লেখ করে তিনি বলেন, “তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সর্বকনিষ্ঠ মন্ত্রণালয় এবং আমি সর্বকনিষ্ঠ মন্ত্রী।”
তিনি বলেন, “বাংলাদেশকে শ্রম নির্ভর অর্থনীতির দেশ থেকে জ্ঞাননির্ভর অর্থনীতির দেশের দিকে নিয়ে যাওয়া এই সরকারের লক্ষ্য ।
“প্রথমে আমরা ১০০ দিনের পরিকল্পনা করেছি, ধীরে ধীরে আমরা বড় লক্ষ্যের দিকে এগিয়ে যাব ।”
অনুষ্ঠানে অধিকতর কর্মসংস্থান, উন্নততর তথ্য-প্রযুক্তির সেবা ও সর্বোচ্চ রপ্তানিকে প্রাধান্য দিয়ে নতুন লোগোটি নকশা করা হয়েছে বলে বেসিস মহাসচিব রাসেল টি আহমেদ জানান।
রাসেল টি আহমেদ বলেন, “তিনটি ভিন্ন রংয়ের সম্মুখগামী ত্রিভুজের মাধ্যমে নতুন লোগোতে বেসিসের অগ্রযাত্রার প্রতিফলন ঘটানো হয়েছে।
“ত্রিভুজগুলো প্রত্যেকটি সংযুক্ত হয়ে একতা প্রকাশ করছে।”
এছাড়া নতুন লোগোতে ভিন্ন ভিন্ন রংয়ের মাধ্যমে বৈচিত্র্যতা প্রকাশ করা হয়েছে। যার অর্থ- তথ্য-প্রযুক্তির সঙ্গে সম্পর্কিত সবকিছুর সঙ্গে থাকবে বেসিস।
বেসিস সভাপতি শামীম আহসান নবনিযুক্ত তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রীকে স্বাগত জানিয়ে বলেন, “বেসিস আগামী পাঁচ বছরের জন্য একটি ‘রোডম্যাপ’ হাতে নিয়েছে। ২০১৮ সালের মধ্যে আমরা ১০ লাখ আইটি প্রফেশনাল তৈরী করবো। এছাড়া এ খাত থেকে ১০০ কোটি ডলার রপ্তানি আয় করে জিডিপিতে ১% অবদান রাখবো।”
