২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোল বন্দর দিয়ে রপ্তানি কমেছে 

দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনোপাল দিয়ে অর্থবছরের প্রথম ছয় মাসে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় পণ্য রফতানি কমেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সংগ্রামী সফিয়া বরণ

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2014, 05:10 PM

Updated : 01 Sep 2026, 06:01 PM

তবে একই সময়ে এই বন্দর দিয়ে আমদানি বেড়েছে বলে জানিয়েছেন বেনাপোল শুল্ক ভবনের সহকারী কমিশনার সাধন কুমার কুণ্ডু।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২০১৩-১৪ অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়ে বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয়েছে ৮৪৩ কোটি ৭৭ লাখ টাকার পণ্য। গত অর্থবছরের একই সময়ে রপ্তানি হয় ১ হাজার ৪৫৯ কোটি ২৬ লাখ টাকার পণ্য।

এই শুল্ক কর্মকর্তা বলেন, “চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে ভারত থেকে ৫ হাজার ৪৫৩ কোটি ৮ লাখ টাকার পণ্য আমদানি হয়েছে, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৪ হাজার ৭২৪ কোটি ৪১ লাখ টাকার পণ্য।

লাগাতার হরতাল-অবরোধের পাশাপাশি ভারতে রুপির দরপতনের কারণেই রপ্তানি কমেছে বলে মনে করেন বেনাপোল শুল্কভবনের যুগ্ম কমিশনার সৈয়দ আতিকুর রহমান।

তিনি বলেন, “দুমাস ধরে টানা অবরোধ-হরতালে দেশের অভ্যন্তর থেকে রফতানি পণ্যবাহী ট্রাক বন্দরে আসতে পারেনি। পাশাপাশি রুপির অব্যহত দরপতনে ভারতীয় ব্যবসায়ীরা ক্ষতির আশঙ্কায় বাংলাদেশ থেকে আমদানি কমিয়ে দিয়েছেন।”

অন্যদিকে হরতাল-অবরোধের মধ্যেও অর্থবছরের শুরুর দিকে খোলা এলসির বিপরীতে পণ্য বন্দরে প্রবেশ করায় আমদানির বেড়েছে বলে মনে করেন সৈয়দ আতিক।

তিনি বলেন, “বেনাপোলে আমদানি পণ্য রাখায় কোনো  ঝুঁকি নেই। আবার সাপ্তাহিক ছুটির দিনসহ পুরো সপ্তাহ আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় আমরা আমদানিকারকের কারখানায় পণ্য পৌঁছে দিচ্ছি। এসব কারণে ব্যবসায়ীরা চলমান পরিস্থিতিতেও পণ্য আমদানি স্বাভাবিক রেখেছেন।”

বেনাপোল আমদানি-রপ্তানিকারক সমিতির যুগ্ম সম্পাদক মহাসিন মিলন বলেন, “শিল্পপ্রতিষ্ঠানের কাঁচামালসহ অন্যান্য পণ্য বেনাপোল দিয়ে আমদানি হয় বেশি।

“এসব কাঁচামাল না আনলে দেশের শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদনে প্রভাব পড়বে। তাই প্রতিকূলতার মধ্যেও আমাদের আমদানি করতে হচ্ছে।”

বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ সহসভাপতি নূরুজ্জামান জানান, দেশীয় শিল্প প্রতিষ্ঠানগুলো সচল রাখতেই অস্থিতিশীল পরিস্থিতিতে আমদানি স্বাভাবিক রয়েছে।

যশোর চেম্বার অব কমার্সের পরিচালক হুমায়ন কবীর কবু বলেন, “দুই মাস ধরে দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা থাকলেও এর আগের চার মাস স্বাভাবিক ছিল।

“এই সময় যারা এলসি খুলেছে তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে পণ্য আনতেই হয়। এই কারণে হরতাল-অবরোধের মধ্যেও পণ্য আমদানি করতে বাধ্য হয়েছেন ব্যবসায়ীরা।”