নির্বাচনের পর পুঁজিবাজারে উর্ধ্বগতি
বিরোধী জোটের বর্জন ও সহিংসতার মধ্যে দশম জাতীয় সংসদ নির্বাচনের পরে দেশের দুই পুঁজিবাজারে সূচক ও লেনদেন দুটোই বেড়েছে।
ভোটের দুদিন পর মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) হাতবদল প্রায় ৪৫৬ কোটি টাকার শেয়ার হয়েছে, যা আগের দিনে চেয়ে ১৪১ কোটি টাকা বেশি।
আর সার্বিক সূচক আগের দিনের চেয়ে ৩৪ পয়েন্ট বেড়ে দিন শেষে চার হাজার ৩৩১ পয়েন্টে ওঠে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আগের দিনের চেয়ে ১৩ কোটি টাকা বেড়ে ৪৫ কোটি টাকার শেয়ার হাতবদল হয়।
দিন শেষে সিএসই সূচকও ৫৮ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৪৯৫ পয়েন্টে ওঠে।
নতুন সরকার গঠনের পর পুঁজিবাজারে নতুন করে প্রভাব সৃষ্টি হতে পারে বলে মনে করছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সভাপতি আহসানুল ইসলাম টিটু ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ভাল পুঁজিবাজারের জন্য দরকার ব্যবসাবান্ধব পরিবেশ, সেটা এখনো আসেনি। নতুন সরকার গঠন হলে পুঁজিবাজার নিয়ে তাদের দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করবে বাজারের ভবিষ্যত ।”
মঙ্গলবার ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর শেয়ারের মধ্যে ২১২টির দাম বেড়েছে, কমেছে ৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির দাম।
ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ১০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫১৬ পয়েন্ট হয়েছে।
গত সপ্তাহে ডিএসইতে সূচক বাড়ে ১১৩ পয়েন্ট, দৈনিক গড়ে লেনদেন হয় ৩৫৭ কোটি টাকা।
আগের দুই সপ্তাহে ৯৯ পয়েন্ট সূচক কমেছিল ডিএসইতে, দৈনিক গড় লেনদেন হয়েছিল ৪৭৭ ও ৫১২ কোটি টাকা ।
তার আগের ১১ সপ্তাহে ডিএসইতে সার্বিক সূচক বেড়েছে ২০০ পয়েন্ট।
এই সময়ে দৈনিক সর্বনিম্ন গড় লেনদেন ছিল ২০০ কোটি টাকা, সর্বোচ্চ গড় লেনদেন ছিল ৬৯৭ কোটি টাকা।
গত বছর ডিএসইতে সূচক বাড়ে ১৭০ পয়েন্ট বা ৪ দশমিক ৩০ শতাংশ, দৈনিক গড়ে লেনদেন হয় ৪০০ কোটি টাকার শেয়ার, যা আগের বছর ছিল ৪২০ কোটি টাকা।
