২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা’ বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের

বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করতে দক্ষিণ-পশ্চিম এশিয়ার ‘দক্ষিণে’র দেশগুলো এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2013, 11:44 PM

Updated : 01 Sep 2026, 05:57 PM

বিশ্বব্যাপী এই ধরনের উন্নয়ন সহযোগিতা ‘সাউথ-সাউথ’ নীতিমালা হিসেবে বিবেচিত হয়।

সোমবার রাজধানীর শের-ই-বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ আয়োজনে ‘সাউথ-সাউথ অ্যান্ড ট্রায়াঙ্গুলার কোঅপারেশন ইন বাংলাদেশ’শীর্ষক এক কর্মশালায় বক্তারা একথা বলেন।

কর্মশালায় ‘সাউথ-সাউথ’ নীতিমালার আওতায় উদীয়মান দেশগুলোর সঙ্গে ব্যবসা-বাণিজ্য, বৈদেশিক কর্মসংস্থান ও কৌশলগত সহযোগিতার ক্ষেত্র আরও সুদৃঢ় করার ওপর জোর দেন বিশেষজ্ঞরা।

মালয়েশিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া ও মধ্যপ্রাচ্যের মত উন্নয়নশীল দেশগুলোতে বাংলাদেশিদের অধিকতর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ক্ষেত্রে ‘দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা’ নীতির ভূমিকা নিয়েও আলোকপাত করা হয়।

একই সঙ্গে বাংলাদেশের সার্বিক উন্নয়ন ও দক্ষতার মান বাড়াতে মালয়েশিয়া, চীন ও ভারতসহ দক্ষিণের দেশগুলোর সঙ্গে ছাত্রবৃত্তি ও ফেলোশিপ এর মাধ্যমে কৌশলগত সহযোগিতা বৃদ্ধির গুরুত্ব নিয়েও কর্মশালায় আলোচনা করা হয়।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব জনাব মোঃ আবুল কালাম আজাদ এ সময়ে তার প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘বিশ্বব্যাপী দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা অবকাঠামো পৃথিবীর সল্প আয় ও মধ্যম আয়ের দেশগুলোর মধ্যে কার্যকরী উন্নয়ন সহযোগিতার দ্বার খুলে দিয়েছে’।

তিনি আরও বলেন যে, ‘আমাদের লক্ষ্য এখন শুধু সহস্রাব্দ উন্নয়ন লক্ষ অর্জন নয় বরং একই সঙ্গে মধ্যম আয়ের দেশে পরিণত হওয়া এবং সে লক্ষ অর্জনের জন্য আমাদের একই সাথে উন্নয়নের গুণগত ও পরিমাণগত মান নিশ্চিত করতে হবে’।

কর্মশালায় গৃহীত পরামর্শসমূহ, ২০১৪ সালে মেক্সিকোতে অনুষ্ঠিতব্য বৈশ্বিক সহযোগিতা বিষয়ক উচ্চ পর্যায়ের সভার পাশাপাশি বাংলাদেশের জাতীয় বৈদেশিক সাহায্য নীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আয়োজকরা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশের প্রেক্ষাপটে দক্ষিণ-দক্ষিণ ও ত্রিমুখী সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রসমূহ পর্যালোচনা করেন এবং এ ক্ষেত্রে সম্ভাব্য প্রতিবন্ধকতাগুলো দূর করার উপায় সম্পর্কে আলোকপাত করেন।

পরিকল্পনা কমিশনের সদস্য অধ্যাপক ডঃ শামসুল আলম, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব আরাস্ত খান, মোঃ আসাদুল ইসলাম, মোঃ শফিকুল আজম, একই বিভাগের যুগ্ম সচিব এবং এইড ইফেকটিভনেস-এর প্রকল্প পরিচালক নূরজাহান বেগম ও  জাতীয় প্রকল্প ব্যবস্থাপক মনোয়ার আহমেদ কর্মশালায় বক্তব্য দেন। এছাড়া ইউএনডিপি’র পলিসি স্পেশালিস্ট ক্যারোলিন কাজাইরও কর্মশালায় বক্তব্য দেন।