২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খেসারত দিচ্ছেন নয়াপল্টনের ব্যবসায়ীরা

যুদ্ধাপরাধীদের বিচার ও নির্বাচন নিয়ে জামায়াতসহ বিরোধী জোটের কর্মসূচিকে কেন্দ্র করে চলমান রাজনৈতিক সহিংসতায় চরম খেসারত দিচ্ছেন নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কের আশেপাশের ব্যবসা প্রতিষ্ঠানগুলো। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2013, 10:05 PM

Updated : 01 Sep 2026, 05:57 PM

রাজধানীর ফকিরাপুল থেকে বিজয়নগর পর্যন্ত ভিআইপি সড়কটির ২৮/১ বাড়িটিকে কেন্দ্রীয় কার্যালয় হিসেবে ব্যবহার করে আসছে প্রধান বিরোধী দল বিএনপি।

সড়কটির দুই পাশে রয়েছে কমপক্ষে ৫টি পোশাকের পাইকারি বাজার। এর মধ্যে পলওয়েল সুপার মার্কেট নামের একটি বিপনী কেন্দ্র থেকে আমদানি করা পোশাকের ৮০ শতাংশ সরবরাহ করা হয় বলে দাবি করেছেন এলাকার ব্যবসায়ীরা।

এছাড়া বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কার্যালয়, কয়েকটি আবাসিক হোটেল, গাড়ির শো রুম, খাবার হোটেল, কমিউনিটি সেন্টার ও ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠানসহ বিভিন্ন বাণিজ্যিক কার্যক্রমের দপ্তরও রয়েছে এই সড়কের আশেপাশে।

সবশেষ গত শনিবার থেকে টানা তিনদিন বিএনপি চেয়ারপার্সনের ঢাকা চলো কর্মসূচির কারণে এই সড়ক অবরুদ্ধ করে রেখেছে পুলিশ। একারণে সড়কের আশেপাশের কোনো মার্কেট, অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা হয়নি।

সেখানকার ব্যবসায়ীরা বলছেন, শুধু সাম্প্রতিক রাজনৈতিক কর্মসূচি নয়, সব রাজনৈতিক কর্মসূচিতেই তাদের ব্যবসার ক্ষতি হয়। তবে এবারের ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি।

এই সড়কের দুপাশে রয়েছে পলওয়েল সুপার মার্কেট, গাজীভবন শপিং সেন্টার, সিটি হার্ট শপিং কমপ্লেক্স, জোনাকী সুপার মার্কেট ও স্কাউট মার্কেট।

পলওয়েল সুপার মার্কেট দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক জসিমউদ্দিন বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটি একটি হোলসেল মার্কেট জোন। পলওয়েল মার্কেটের ব্যবসায়ীরা দেশের আমদানিকৃত তৈরি পোশাকের ৮০ শতাংশ সরবরাহ করে থাকে। কিন্তু এই এলাকা অবরুদ্ধ করে রাখায় আমরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছি।”

“অন্যান্য সময়ের রাজনৈতিক কর্মসূচিতেও আমাদের ক্ষতি হয়, তবে এবারের ক্ষতি সবচেয়ে বেশি। কারণ কোনো লোকজন আসতে পারছে না,” বলেন জসিম উদ্দিন।

গাজীভবন শপিং কমপ্লেক্সের দোকান মালিক সমিতির সভাপতি নেছার আহমেদ সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের এটা মূলত, পাইকারি মার্কেট। প্রতিদিন প্রত্যেকটি দোকানে লাখ লাখ টাকার বেচাকেনা হয়। কিন্তু রাজনৈতিক এই পরিস্থিতির কারণে সবই বন্ধ। আমরা রাজস্ব দিয়ে পোশাক আমদানি করে এখন তা নিয়ে বসে আছি।

“এখন শীত। গরম কাপড়ের নতুন মৌসুম হওয়ার পরও আমাদের ব্যবসার কোনো কাজে আসছে না।”

গাজীভবন শপিং কমপ্লেক্সে প্রায় ১২০ টি দোকান রয়েছে। এসব দোকানে মালিক-কর্মচারীসহ পাঁচ শতাধিক লোক কাজ করেন।

এই এলাকায় রয়েছে অর্চাড প্লাজা, হোটেল দি ক্যাপিটাল ও হোটেল ভিক্টরিসহ বিভিন্ন হোটেল রয়েছে। চলাচলে কড়াকড়ি থাকায় এসব হোটেলে এখন আর কেউ উঠছেন না।

আইএফআইসি, রূপালী, অগ্রণী, আইসিবি ইসলামী, পূবালী, আল আরাফাহ ইসলামী, সিটি  ও জনতা ব্যাংকের শাখা অফিসও রয়েছে এই এলাকায়।

রয়েছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ-আইসিবির স্থানীয় কার্যালয় এবং বিভিন্ন বীমা, মানি চেঞ্জার কোম্পানির এজেন্ট অফিস। এসব অফিস কার্যত বন্ধ, কর্মকর্তা-কর্মচারীরা আসছেন না। অল্প কয়েকজন কর্মকর্তা হাজির হলেও কোনো গ্রাহক আসেনি গত দুদিনে।

হক বে, হেদায়েত কার, এস এফ কার, জেনারেল মটরস, অটো ডিফাইন ও কার প্লাসসহ প্রায় ১৫টি গাড়ির শো-রুমও রয়েছে বন্ধ।

রাস্তার দুপাশে অন্তত দুটি নির্মাণাধীণ বহুতল ভবনের কাজ বন্ধ রয়েছে।

বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন জোট সরকারের আমলে রাজনৈতিক অস্থিরতায় বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের আশেপাশের এলাকার স্টেডিয়াম মার্কেট, গুলিস্তান মার্কেট, ইয়েমেনি মার্কেট ও বায়তুল মোকাররম মার্কেটসহ ওই এলাকার সব মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠান একইভাবে ক্ষতির মুখে পড়েছিল।