বিশেষ সুবিধা আর্থিক প্রতিষ্ঠানগুলোকেও
চলমান রাজনৈতিক অস্থিরতার ক্ষতি পুষিয়ে দিতে এবার আর্থিক প্রতিষ্ঠানগুলোকেও ‘বিশেষ সুবিধা’ দিতে বলেছে বাংলাদেশ ব্যাংক।
ক্ষতিগ্রস্ত শিল্প প্রতিষ্ঠানে উৎপাদন কর্মকাণ্ড এবং ব্যবসা বাণিজ্যে অর্থায়ন অব্যাহত রাখতে রোববার এক সার্কুলার জারি করে এ নির্দেশনা দেয় কেন্দ্রীয় ব্যাংক।
দেশে কার্যরত সব আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো সার্কুলারে বলা হয়েছে, সম্প্রতি দেশে বিরাজমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে কৃষি এবং শিল্প খাতের উপকরণ ও পণ্যাদির স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে, যার ফলে ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকান্ডে বিরূপ প্রভাব পড়ছে। এতে স্বাভাবিক ব্যবসায়িক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে।
“এমতাবস্থায়, এ মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে, এসএমই ও কৃষিসহ সব খাতের প্রকৃত ক্ষতিগ্রস্ত
ঋণগ্রহীতাদের ব্যবসায়িক কর্মকাণ্ড অব্যাহত রাখা ও ঋণ আদায় নিশ্চিতকল্পে প্রদত্ত ঋণ সুবিধা চলমান রাখার জন্য ঋণ হিসাব পুনঃতফসিলের ক্ষেত্রে ডাউন পেমেন্ট গ্রহণ ও মেয়াদকাল নিরূপণের বিষয়টি আর্থিক প্রতিষ্ঠান ও গ্রাহক সম্পর্কের ভিত্তিতে বিবেচনা করতে হবে।”
একইসঙ্গে ঋণ হিসাব পুনর্গঠনের মেয়াদকালও যৌক্তিক পর্যায়ে নির্ধারণ করা যাবে।”
তবে এক্ষেত্রে আর্থিক প্রতিষ্ঠানের যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের পর বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি গ্রহণ করতে হবে বলে জানানো হয়েছে।
এ সুবিধা ২০১৪ সালের ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।
কয়েক দিন আগে ব্যাংকগুলোকেও এ ধরনের সুবিধা দিতে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
