তিতাসের নতুন কূপে পরীক্ষামূলক উৎপাদন
ব্রাক্ষণবাড়িয়ায় তিতাস গ্যাস ফিল্ডের ২১ নম্বর কূপে বৃহস্পতিবার রাতে পরীক্ষামূলকভাবে গ্যাস উৎপাদন শুরু হয়েছে।
ঘাটুরায় অবস্থিত তিতাস গ্যাস ফিল্ডের এই কূপটি বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের নিয়ন্ত্রাণাধীন।
এ প্রকল্পের পরিচালক আহম্মদ হোসেন বলেন, গ্যাস উন্নয়ন তহবিলের অর্থায়নে এই কূপটি খনন করেছে রাশিয়ার প্রতিষ্ঠান গ্যাজপ্রম।
তিনি বলেন, গত ৩ নভেম্বর তিতাস গ্যাস ফিল্ডের ২১ নম্বর এ কূপের খনন কাজ শুরু করে গ্যাজপ্রম। খনন কাজ শেষে বৃহস্পতিবার রাত থেকে পরীক্ষামূলকভাবে উৎপাদন শুরু করা হয়।
দুয়েকদিনের মধ্যে পরীক্ষা-নিরীক্ষা সফলভাবে সম্পন্ন হলে এই কূপ থেকে দৈনিক গড়ে ২৫ থেকে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ করা সম্ভব হবে বলে তিনি জানান।
