২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাঁচামাল থেকে লাফার্জের সাশ্রয় ৬ কোটি ডলার

উৎপাদনের পাশাপাশি কাঁচামাল বিক্রি থেকেও আয় করছে সিমেন্ট খাতের একটি প্রতিষ্ঠান। এ থেকে প্রতিবছর যে সাশ্রয় হচ্ছে তার অঙ্কটাও খুব ছোট নয়, পাঁচ থেকে ছয় কোটি ডলার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2013, 11:43 PM

Updated : 13 Oct 2022, 03:08 PM

২০০৬ সালে বাংলাদেশে উৎপাদনে যাওয়া লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড নামে এই প্রতিষ্ঠানটির কমিউনিকেশন অ্যান্ড সিএসআর ম্যানেজার তওফিক ইমাম এমনটিই দাবি করলেন।

তিনি জানান, তারাই একমাত্র প্রতিষ্ঠান যাদের কাছ থেকে অন্যান্য সিমেন্ট কারখানা ক্লিংকারের মতো কাঁচামাল কিনে থাকেন।

“বাংলাদেশে লাফার্জ সুরমা সিমেন্টই একমাত্র বেসরকারি প্রতিষ্ঠান যারা ক্লিংকার তৈরি করছে। অথচ বাংলাদেশে স্থাপিত অন্য সিমেন্ট কারখানাগুলো বিদেশ থেকে ক্লিংকার আমদানি করে থাকে। ফলে এর গুণগত মান নিয়ন্ত্রণ করা এই কোম্পানিগুলোর হাতে থাকে না।

“অপরদিকে লাফার্জ যেহেতু নিজেরাই ক্লিংকার তৈরি করে থাকে তাই এর গুণগত মান নিয়ন্ত্রণ তাদের পক্ষে সম্ভব হয়।”

নিজস্ব চাহিদা মিটিয়ে লাফার্জ এই কাঁচামাল- ক্লিংকার বিক্রি করে অন্য প্রতিষ্ঠানের কাছ থেকে প্রতিবছর ৫ থেকে ৬ কোটি ডলার সমপরিমান বৈদেশিক মুদ্রা সাশ্রয় হয় বলেও জানান তওফিক ইমাম। 

প্রতিষ্ঠানটির নিজেদের ওয়েবসাইটে দেয়া তথ্য অনুযায়ী, ২০১৩ সালের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কর পরিশোধের পর ৩৬ কোটি টাকার বেশি আয় করেছে। আর শেয়ার প্রতি আয় দশমিক ৩১ টাকা।

আর চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত প্রায় অর্ধ যুগে মোট আয় ছিল প্রায় ২০৭ কোটি টাকা।

লাফার্জের কর্মকর্তারা জানান, ২০০০ সালে বাংলাদেশ ও ভারত সরকারের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরের পর তারাই বিশ্বের একমাত্র ক্রসবর্ডার বাণিজ্যিক প্রতিষ্ঠান, যার অবস্থান দুটি দেশে।

ভারতের মেঘালয় থেকে বিশ্বের দীর্ঘতম ১৭ কিলোমিটার কনভেয়ার বেল্টের মাধ্যমে চুনাপাথর আসে ছাতকে অবস্থিত এই প্ল্যান্টে।

শুক্রবার লাফার্জ সুরমা সিমেন্ট কারখানা এলাকায় সরেজমিনে দেখা যায়, সিমেন্ট উৎপাদনের পাশাপাশি স্থানীয় জনগণের জীবনযাত্রায় সম্পৃক্ত এই প্রতিষ্ঠানটি। কারখানার পাশেই তারা স্থাপন করেছেন কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার।

কমিউনিকেশন অ্যান্ড সিএসআর ম্যানেজার তওফিক ইমাম বলেন, “এর আওতায় দূরবর্তী গ্রামগুলোতে চালু করা হয়েছে পাঁচটি সাব সেন্টার। এই সেন্টারগুলোতে শিশুরা পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়তে পারছে, মহিলারা সেলাই প্রশিক্ষণ নিচ্ছেন, যুবকদের দেয়া হয়েছে মোবাইল সার্ভিস প্রশিক্ষণ, সকলের জন্য চালু করা হয়েছে চিকিৎসা সেবা।”