৩১% লভ্যাংশ ঘোষণা প্রাণ’র
এএমসিএল-প্রাণ এর ২৮তম বার্ষিক সাধারণ সভায় শেয়ার হোল্ডারদের জন্য ৩১ শতাংশ হারে লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার ওই সভার পর এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ২০১২-২০১৩ সালের জন্য এই লভ্যাংশ ঘোষণার কথা জানানো হয়।
ঢাকার বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টার কমপ্লেক্সে সভায় কোম্পানির চেয়ারম্যান মাহ্তাবউদ্দিন আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক আমজাদ খান চৌধুরী উপস্থিত ছিলেন।
উপ-ব্যবস্থাপনা পরিচালক আহসান খান চৌধুরী, পরিচালক সাবিহা আমজাদ, স্বতন্ত্র পরিচালক এম এ মান্নান, পরিচালক (অর্থ) উজমা চৌধুরী, নির্বাহী পরিচালক ইলিয়াস মৃধা, প্রধান অর্থ কর্মকর্তা আতিয়ুর রাসুল, পরিচালক (মার্কেটিং) জনাব কামারুজ্জামান কামাল ও কোম্পানি সচিব মোহাম্মদ আমিনুর রহমানও উপস্থিত ছিলেন সভায়।
সভায় বিনিয়োগকারীরা বিগত বছরগুলোতে কোম্পানির উল্লেখযোগ্য অগ্রগতির জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ জানান।
সভায় জানানো হয়, কঠিন প্রতিযোগিতা সত্ত্বেও কোম্পানির করপূর্ব মুনাফা ২০১২-২০১৩ সালে ৬৭.৬৫ মিলিয়ন টাকা অর্জিত হয়েছে, মোট বিক্রয় ১৭৬৩.৪০ মিলিয়ন টাকায় উন্নীত হয়েছে এবং মোট রপ্তানি হয়েছে ১৫১.৯৩ মিলিয়ন টাকা (নগদ সহায়তাসহ)।
