২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাড়া তিনগুণ, বিপাকে ট্রাক মালিকও

টানা হরতাল-অবরোধের কারণে দেশের পশ্চিমাঞ্চলীয় স্থলবন্দর বেনাপোল থেকে পণ্য পরিবহনে ব্যয় প্রায় তিনগুণ বেড়ে গেছে। বাড়তি ভাড়ায়ও পর্যাপ্ত ট্রাক মিলছে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আসাদুজ্জামান আসাদ, বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2013, 04:33 PM

Updated : 25 Apr 2022, 07:41 PM

এ নিয়ে কথা হয় বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি কামাল উদ্দিনের সঙ্গে।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হরতাল-অবরোধ শুরুর আগে বেনাপোল থেকে ঢাকার বিভিন্ন স্থানে পণ্য পরিবহনে প্রতি ট্রাকের ভাড়া পড়তো ১২ হাজার থেকে ১৭ হাজার টাকা। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ থেকে ৪০ হাজার টাকা দিয়েও ট্রাক ভাড়া পাওয়া যাচ্ছে না।

“একইভাবে কভার্ড ভ্যানের ভাড়া ২২ হাজার টাকা থেকে বেড়ে ৫০ হাজার টাকা হয়েছে।”

অতিরিক্ত ভাড়ায় লোকসানের আশঙ্কায় আমদানি কারকরাও পণ্য পরিবহনে আগ্রহী হচ্ছেন না।

টায়ার কারখানার জন্য ভারত খেকে বিড ওয়্যার রিং আনেন ঢাকার আমদানিকারক কিংস কর্পোরেশন-এর মালিক আবুল হাসনাত বুলবুল।

তিনি বলেন, “ গত ২৮ নভেম্বর থেকে বেনাপোল বন্দরে আটকা পড়ে আছে আমদানি করে আনা মালামাল।

“বন্দরের সব আনুষ্ঠানিকতা শেষ হলেও পরিবহনের অভাবে ঢাকার কারখানায় নিতে পারছি না।”

একই সমস্যা জানালেন ধানমণ্ডি এলাকার আমদানিকার প্রতিষ্ঠান ফেয়ারডিল-এর মঞ্জুরুল আলমও।

“অতিরিক্ত ট্রাক ভাড়ায় আমদানিপণ্য প্লাইউড কারখানায় নিতে গেলে লাভ তো দূরে থাক আসলও উঠবে না।”

বন্দরে মালাশাল পড়ে পড়ে নষ্ট হচ্ছে জানালেন মুন্সিগঞ্জের পিডি লাইট স্পেশালিস্টের ব্যবস্থাপক কাওছার আহমেদ।

ট্রাক ভাড়া বেড়ে যাওয়া প্রসঙ্গে বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিম উদ্দিন গাজী বলেন, “পরিস্থিতির কারণে পরিবহন মালিকরা গাড়ি ভাড়া দিতে চাচ্ছেন না।”

বেনাপোল থেকে আগে প্রতিদিন গড়ে দুইশরও বেশি ট্রাক-কভার্ড ভ্যান দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেলেও অবরোধের কারণে তা সম্ভব হচ্ছে না।

রাজনৈতিক অস্থিতিশীলতাকেই বেশিভাগ মালিক তার ট্রাক রাস্তায় নামাতে চাচ্ছেন বলে জানান বেনাপোল আমদানি-রপ্তানিকারক সমিতির যুগ্ম সম্পাদক মহাসিন মিলন।

যারা ভাড়া দিচ্ছেন তারা স্বাভাবিকের চেয়ে তিনগুণ ভাড়া চাওয়ার এটাই কারণ বলেন তিনি।

সড়কে ভাংচুর ও আগুন দেয়ার ঝুঁকি পেরিয়ে গন্তব্যে ট্রাক পৌঁছানোর পরও সমস্যা রয়েছে বলে জানান ঝিকরগাছা-নাভারন-বেনাপোল ট্রাক মালিক সমিতির যুগ্ম সম্পাদক মোতালেব হোসেন।

তিনি বলেন, “যে ট্রাক যেখানে যাচ্ছে, সেখানে দিনের পর দিন আটকা পড়ে থাকছে।”

গত ২৫ নভেম্বর থেকে টানা হরতাল-অবরোধে সড়কে যানবাহনে আগুন দেয়ার ঘটনায় যোগযোগ নাজুক হয়ে পড়েছে। সরকারি হিসেবেই সাম্প্রতিক এ সহিংসতায় অন্তত ৪৬ জন চালক ও সহকারী নিহত হন।

সহিংসতার আগুন থেকে নিরাপদ রাখতে ট্রাক বসিয়ে রাখাও মালিকদের জন্য কাল হয়ে দেখা দিয়েছে বলেন শার্শার ট্রাক মালিক লিয়াকত আলি।

তিনি বলেন, “কিস্তিতে ট্রাক কিনে এখন বেকায়দায় পড়েছি। প্রতিমাসে ৫৪ হাজার টাকার কিস্তি টানতে হচ্ছে।”