পুঁজিবাজারে কারসাজির জন্য জরিমানা
পুঁজিবাজারে কারসাজির জন্য কয়েকজন ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে ৭৫ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেজ্ঞ কমিশনকে (বিএসইসি)।
বুধবার বিএসইসির নিয়মিত সভায় এই সিদ্ধান্ত হয় বলে এর মুখপাত্র সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মোট চার জন ব্যক্তি এবং আটটি প্রতিষ্ঠানকে এই সাজা দেয়া হয়েছে। তাদের প্রায় সবাই শেয়ারের দামকে অবৈধভাবে প্রভাবিত করে সিকিউরিটি আইন ভঙ্গ করেন।
আব্দুর রহিম নামে এক ব্যক্তিকে সর্বোচ্চ ২৫ লাখ টাকা, মাহফুজুর রহমান ভুঁইয়াকে ২ লাখ, বুলবুল আহমেদকে ৪ লাখ, বদরুন নেসাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
নিউ ক্যাপিটাল ফাইনেন্স অ্যান্ড কমার্স লিমিটেডকে ৬ লাখ, এম্পায়ার সিকিউরিটিজ হোল্ডিং লিমিটেডকে ৪ লাখ, ইকুয়িটি ক্যাপিটাল লিমিটেডকে ৪ লাখ, এ আর কনসালটেশনকে ৪ লাখ, নাহার আফরোজ ওমর আলি ফাউন্ডেশনকে ২ লাখ, তাশরাত রায়াত এগ্রো এন্টারপ্রাইজকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
কারসাজির ব্যাপারে বিএসইসিকে না জানানোয় ভিশন ক্যাপিটাল ম্যানেজমেন্টকে ১৮ লাখ টাকা এবং সীমার অতিরিক্ত ঋণ দেয়ায় প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্টকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
