২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে বেড়েছে লেনদেন-সূচক

আঠারো দলীয় জোটের অবরোধ ও জামায়াতের ডাকা হরতালের মধ্যেও চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের দুই পুঁজিবাজারেই বেড়েছে সূচক ও লেনদেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2013, 07:28 PM

Updated : 23 Aug 2022, 07:26 PM

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক আগের দিনের চেয়ে ৪০ পয়েন্ট বেড়ে চার হাজার ৩৩০ পয়েন্টে হয়।

এই দিন হাতবদল হয়েছে প্রায় ৭৪৬ কোটি টাকার শেয়ার, যা আগের দিনে চেয়ে ৯৯ কোটি টাকা বেশি।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই)সার্বিক সূচক ৮৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৪৯৯ পয়েন্টে। হাতবদল হয়েছে ৮৫ কোটি টাকার শেয়ার।

ডিএসইতে লেনদেনে থাকা ২১০টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ৮টির দাম।

অবশ্য ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫০১ পয়েন্ট হয়েছে।

গত দুই সপ্তাহে ১১৯ পয়েন্ট সূচক কমেছে ডিএসইতে। দৈনিক গড় লেনদেন গত সপ্তাহে ৪২৯ কোটি এবং তার আগের সপ্তাহে ৬১৭ কোটি টাকা ছিল। 

দুই সপ্তাহের আগের চার সপ্তাহে ডিএসইর সার্বিক সূচক প্রায় ৫৯৬ পয়েন্ট বাড়ে। সে সময় দৈনিক গড় লেনদেন ৩৪৯ কোটি থেকে বেড়ে ৬৯৭ কোটি টাকায় দাঁড়ায়।

তার আগের চার সপ্তাহে ডিএসইর সার্বিক সূচক প্রায় ৩০০ পয়েন্ট কমে যায় এবং দৈনিক গড় লেনদেন ৪০০ কোটি থেকে ২০০ কোটি টাকায় নেমে যায়।