নৌপথে কন্টেইনার পরিবহন শুরু
দেশে প্রথমবারের মতো নদীপথে জাহাজে করে বাণিজ্যিকভাবে পণ্যবাহী কন্টেইনার পরিবহন শুরু হয়েছে।
সোমবার দুপুরে চট্টগ্রাম বন্দরের এনসিটি জেটি থেকে এমভি পানগাঁও সাকসেস নামক একটি জাহাজ ৭৬টি কন্টেইনার নিয়ে পানগাঁও নৌ টার্মিনালের উদ্দেশ্যে ছেড়ে গেছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এর মধ্য দিয়ে বাংলাদেশে প্রথমবারের মতো নৌপথে বাণিজ্যিকভাবে কন্টেইনার পরিবহন শুরু হল।
তিনি বলেন, ২০টি পণ্যভর্তি এবং ৫৬টি খালি কন্টেইনার নিয়ে জাহাজটি ঢাকার কেরানীগঞ্জের অদূরে পানগাঁও নৌ-টার্মিনালে যাবে।
চট্টগ্রাম থেকে পানগাঁও টার্মিনালে যেতে ন্যূনতম ১৬ ঘণ্টা লাগবে বলে জানান তিনি।
বন্দর সচিব জানান, কন্টেইনারগুলো পানগাঁওয়ে নামানোর পর সেগুলোতে আবার রপ্তানি পণ্য ভরে চট্টগ্রাম বন্দরে আনা হবে।
গত ৭ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেরাণীগঞ্জ এলাকায় পানগাঁও নৌ-টার্মিনাল উদ্বোধন করেন। উদ্বোধনের পরও আনুষঙ্গিক অনেক কাজ বাকি থাকায় নৌ-পথে কন্টেইনার পরিবহন হয়নি।
এই নৌ-পথ পুরোদমে চালু হলে ঢাকা ও আশপাশের অঞ্চলের ব্যবসায়ীরা সড়কপথের পরিবর্তে বিকল্প পথ ব্যবহারের সুযোগ পাবেন।
হরতাল-অবরোধের মত পরিস্থিতিতেও সংকট কাটিয়ে উঠতে পারবেন ব্যবসায়ীরা।
