স্ট্যান্ডার্ডের অগ্নিকাণ্ড তদন্তে তিন কমিটি
গাজীপুরের কোনাবাড়িতে স্ট্যান্ডার্ড গ্রুপের পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে তিনটি কমিটি গঠন করেছে সরকার।
রোববার তৈরি পোশাক শিল্প খাত সংশ্লিষ্টদেরসহ আইন-শৃংখলাবাহিনীর সদস্যদের সঙ্গে এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শ্রমমন্ত্রী মোশাররফ হোসেন।
সকালে রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে অনুষ্ঠিত ওই বৈঠক ও সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুও উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে শ্রম মন্ত্রী জানান, তিনটি কমিটির মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে গঠিত কমিটি আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেবে।
অপর দুইটি কমিটির একটি শ্রমন্ত্রণালয়ের অধীনে এবং অন্যটি গাজীপুরের জেলা প্রশাসকের নেতৃত্বে গঠন করা হয়েছে।
স্বরাষ্টমন্ত্রণালয়ের কমিটিতে সকল আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী, বিজিএমইএ, ফায়ার সার্ভিস এবং শ্রমিক সংগঠন থেকে প্রতিনিধি থাকবে।
তদন্ত কমিটিগুলোর প্রতিবেদন অনুযায়ী, স্ট্যাডার্ড গ্রুপের ওই অগ্নিকাণ্ডের ঘটনায় কাউকে দোষী পাওয়া গেলে সর্বোচ্চ শাস্তি দেয়ার ব্যবস্থা করা হবে বলে শ্রমমন্ত্রী জানান।
বৃহস্পতিবার কোনাবাড়িতে স্টান্ডার্ড গ্রুপের এই কারখানায় আগুন লাগে। ১৩ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এলেও পুরো কারখানা পুড়ে যায়। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
কারখানার মালিক ও বিজিএমইএ শনিবার এক সংবাদ সম্মেলনে দাবি করেছে, ঘটনাটি ষড়যন্ত্রমূলক। এরসঙ্গে কারখানার বাইরের লোক জড়িত।
এতে ১২শ’ কোটি টাকা ক্ষতি হয়েছে বলেও কারখানা মালিক ও বিজিএমইএ’র পক্ষ থেকে দাবি করা হয়।
সংবাদ সম্মেলন বিজিএমইএ এ ধরনের নাশকতার এড়ানোর জন্য সরকারকে ‘সর্বোচ্চ গুরুত্ব’ দেয়ার আহ্বান জানায়।
এরপরপরই সংশ্লিষ্ট সকল পক্ষ ও আইনশৃংখলা বাহিনী নিয়ে রোববারের বৈঠকটি বসে।
সংবাদ সম্মেলনে মোশাররফ বলেন, “গাজীপুরের কোনাবাড়িতে স্ট্যার্ন্ডাড গ্রুপের পোশাক কারখানার ঘটনা হালকাভাবে দেখার অবকাশ নেই। কারণ এটি বাংলাদেশের পোশাক খাতের গর্ব করার মত কারখানা।”
“এ কারখানায় শ্রম অসন্তোষের সুযোগ ছিলো না। তারপরও কেন ১০ তলা ভবনের প্রত্যেক তলায় আগুন ধরলো তা খতিয়ে দেখার জন্য আমরা তিনটি কমিটি গঠন করেছি।”
এই মুহূর্তে গার্মেন্ট খাতে ব্যাপক সহিংস ঘটনা ঘটার মতো কোন কারণ নেই দাবি করে মন্ত্রী বলেন, “এ খাতের ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়েছে। যেটা দরকষাকষির ভিত্তিতে উভয়পক্ষই মেনে নিয়েছে। এরপরও যে ঘটনা স্ট্যান্ডার্ড গ্রুপের কারখানায় ঘটেছে তা কোনভাবেই গ্রহণযোগ্য না।”
শ্রমমন্ত্রী মোশাররফ জানান, তৈরি পোশাক খাতের অনিশ্চয়তা দূর করতে কয়েকদিনের মধ্যেই তিনি শ্রমিক নেতা ও আন্তর্জাতিক ক্রেতা গোষ্ঠীর সঙ্গেও বসবেন।
সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেন,“অপরাধীদের সনাক্ত করার কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে অনেককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”
তিনি বলেন, “তফসিল ঘোষণার পর বিরোধীদল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। এই প্রেক্ষাপটে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্যও কেউ গার্মেন্ট কারখানায় আগুন লাগানোর ঘটনা ঘটাতেই পারে।”
“তবে আমরা এই মুহূর্তে এসব বিষয়ে কিছু বলছি না। তদন্ত শেষ হলে মূল কারণ বেরিয়ে আসবে।”
পোশাক শিল্প এলাকাগুলো নিয়ে আটটি জোন আছে। এসব জোনে আলাদা আলাদা কমিটি কাজ করে। সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যরা এতোদিন এসব কমিটির প্রধান ছিলেন।
নির্বাচনকে সামনে রেখে সংসদ সদস্যরা ব্যস্ত থাকায় ৩ দিন আগে সংশ্লিষ্ট এলাকার জেলা প্রশাসকদের ওইসব কমিটির প্রধান নিযুক্ত করেছে শ্রমন্ত্রণালয় বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
শ্রমমন্ত্রী জানান, এখন থেকে কোন এলাকার কোন কারখানায় সমস্যা দেখা দিলে ডিসিদের নেতৃত্বাধীন কমিটি তা সমাধানে উদ্যোগ নেবে।
সংবাদ সম্মেলনের আগে বিজিএমইএ, কারখানার মালিক, শ্রম সচিব, পুলিশের মহাপরিদর্শক, র্যাবের মহাপরিচালক, শিল্প পুলিশের মহাপরিচালক এবং গোয়েন্দা সংস্থা ডিজিএফআই, এনএসআই ও এসবি’র প্রধানদের সঙ্গে বৈঠক করেন শ্রমমন্ত্রী ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
