ট্রেজারি বিলের নিলামে অংশ নিয়েছে পাঁচ ব্যাংক
ট্রেজারি বিলের নিলামে অংশ নিয়েছে প্রাইমারি ডিলার (পিডি) হিসেবে অন্তর্ভুক্ত হওয়া নতুন পাঁচ ব্যাংক।
রোববার অনুষ্ঠিত এই নিলামে অংশ নেয়া ব্যাংকগুলো হলো- এনআরবি কমার্শিয়াল, সাউথ বাংলা এগ্রিকালচারাল অ্যান্ড কমার্স, দি ফারমার্স, মিডল্যান্ড এবং মেঘনা ব্যাংক লিমিটেড।
গত মাসে এই ব্যাংকগুলো পিডি হিসেবে অন্তর্ভুক্ত হয়।
তবে নিলামে অংশ নিলেও নতুন ব্যাংকগুলোকে এই দফায় বিল বা বন্ড কিনতে হয়নি।
সরকার ট্রেজারি বিল ও বন্ড ছেড়ে পিডি ও নন-পিডি ব্যাংকগুলো থেকে ঋণ নেয়। সরকারের প্রয়োজনে পিডি ব্যাংকগুলোকে বাধ্যতামূলকভাবে নিলাম থেকে বন্ড বা বিল কিনতে হয়।
তবে সরকার যদি তার চাহিদানুযায়ী অন্য কোন ব্যাংক থেকে ঋণ নিয়ে নেয় তাহলে পিডি ব্যাংকগুলোর বন্ড কেনার বাধ্যবাধকতা থাকে না।
নতুন ব্যাংকগুলো বর্তমানে সর্বোচ্চ ১ কোটি টাকা পর্যন্ত বিল বা বন্ড কিনতে পারবে বলে বাংলাদেশ ব্যাংক সূত্র জানিয়েছে।
