পণ্য খালাসে ‘ডেমারেজ চার্জ ’ মওকুফ চেয়ে চিঠি
হরতাল-অবরোধের কারণে চট্টগ্রাম বন্দর থেকে আমদানি পণ্যের খালাস স্থবির হয়ে পড়ায় ‘ডেমারেজ চার্জ ’ মওকুফ চেয়ে নৌ মন্ত্রীকে চিঠি দিয়েছে চট্টগ্রাম চেম্বার।
শনিবার চট্টগ্রাম চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম স্বাক্ষরিত এক চিঠিতে এ অনুরোধ জানানো হয়।
চট্টগ্রাম চেম্বারের সচিব ওসমান গণি চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে চিঠি দেয়ার বিষয়টি নিশ্চিত করেন।
চিঠিতে চেম্বার সভাপতি মাহবুবুল বলেন, পরিবহন সংকট এবং পরিবহনের ভাড়া কয়েক গুণ বেড়ে যাওয়ায় আমদানিকারক বা তাদের নিযুক্ত প্রতিষ্ঠান নির্ধারিত সময়ে বন্দর থেকে পণ্য নিতে পারছেন না।
“মহাসড়কে বিরামহীন নাশকতা বিশেষ করে পণ্যবাহী যানবাহনে ভাংচুর-অগ্নিসংযোগের কারণে কোনো পরিবহন সংস্থাই মালামাল পরিবহনে আগ্রহী নয়। নাশকতার কারণে বাংলাদেশ রেলওয়ের মাধ্যমেও পণ্য পরিবহন সম্ভব হচ্ছে না।”
চেম্বার সভাপতি মাহবুবুল বলেন, এর ফলে বন্দরে জাহাজ থেকে নামানো পণ্য ডেলিভারি মারাত্মকভাবে স্থবির হয়ে পড়েছে।
চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে নামানো পণ্য খালাসের ক্ষেত্রে প্রথম চার দিন ‘ফ্রি টাইম’ হিসেবে নির্ধারিত আছে। এরপর পণ্য নেয়া না হলে ‘ডেমারেজ চার্জ’ আরোপের বিধান আছে।
মন্ত্রীর কাছে পাঠানো চিঠিতে চেম্বার সভাপতি বলেন, অচলাবস্থার কারণে পণ্য খালাস প্রায় শূণ্যের কোটায়। এ অবস্থায় ‘ফ্রি টাইমের’ পর ‘ডেমারেজ চার্জ’ আরোপ করা হলে তা ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতির মুখে পড়বেন।
মন্ত্রীকে দেয়া চিঠির বিষয়ে নৌ-পরিবহন সচিব এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানকে অবহিত করা হয়েছে।
