২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সপ্তাহ শেষে ডিএসইতে সূচক কমেছে ১৬৫ পয়েন্ট

আগের চার সপ্তাহে ধারাবাহিকভাবে সূচক বাড়লেও এ সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ৩ দশমিক ৭৬ শতাংশ কমেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2013, 06:08 PM

Updated : 23 Aug 2022, 07:21 PM

ডিএসইর গড় লেনদেন গত সপ্তাহের তুলনায় কমে ৬১৭ কোটি টাকায় নেমে এসেছে।

সপ্তাহের শেষ দিনে দেশের দুই পুঁজিবাজারেই সূচক ও লেনদেন কমেছে।

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক আগের দিনের চেয়ে ৩৮ পয়েন্ট কমে চার হাজার ২৩১ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন প্রায় ৩৬৭ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ২১৪ কোটি টাকা কম।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সপ্তাহ শেষে সূচক কমেছে ৩১৮ পয়েন্ট বা ৩ দশমিক ৭ শতাংশ।

বৃহস্পতিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ৪৮ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে। সার্বিক সূচক ১০৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৮ হাজার ২৮২ পয়েন্টে।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হওয়া ৮৯টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৬৩টির এবং অপরিবর্তিত ছিল ২৯টির দাম।

অবশ্য ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ১২ পয়েন্ট কমে ১ হাজার ৫০৪ পয়েন্ট হয়েছে।

সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এইমস অব বাংলাদেশের প্রধান নির্বাহী ইওয়ার সাইদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর আর্থিক বছর শেষ হবে ডিসেম্বরে। তাদের মুনাফা উত্তোলনের এটাই শেষ সময়। মুনাফা উত্তোলনের কারণে বাজার কমছে।”

এছাড়া দেশের বর্তমান অস্থিরতাও বাজারে প্রভাব ফেলছে বলে মনে করেন তিনি।

আগের চার সপ্তাহে ডিএসইর সার্বিক সূচক প্রায় ৫৯৬ পয়েন্ট বাড়ে। দৈনিক গড় লেনদেন ৩৪৯ কোটি থেকে বেড়ে ৬৯৭ কোটি টাকায় পৌঁছে।

তার আগের চার সপ্তাহে ডিএসইর সার্বিক সূচক প্রায় ৩০০ পয়েন্ট কমে যায় এবং দৈনিক গড় লেনদেন ৪০০ কোটি থেকে ২০০ কোটি টাকায় নেমে যায়।