২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে ঝুঁকি এড়াতে সতর্ক থাকার পরামর্শ প্রধানমন্ত্রীর

পুঁজিবাজারে ক্ষুদ্র ও নতুন বিনিয়োগকারীদের সচেতন করার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2013, 11:45 PM

Updated : 23 Aug 2022, 07:20 PM

রোববার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন ভবনের ভিত্তিস্থাপন অনুষ্ঠানে তিনি বলেছেন, “সতর্ক বিনিয়োগে পুঁজির ঝুঁকি হ্রাস পাবে। এতে বিনিয়োগকারী, উদ্যোক্তা এবং দেশের অর্থনীতি লাভবান হবে।”

সরকার পুঁজিবাজারে ক্ষুদ্র ও নতুন বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় একটি বিশেষ স্কিম বাস্তবায়ন করছে বলে প্রধানমন্ত্রী জানান। এর আওতায় তারা কর অব্যাহতির সুবিধা পাবেন এবং নতুন আইপি ইস্যুর সময় তাদের জন্য ২০ শতাংশ কোটা সংরক্ষিত থাকবে।

বাংলাদেশ ফান্ড নামে ৫ হাজার কোটি টাকার একটি ওপেন-এন্ডেড মিউচ্যুয়েল ফান্ড গঠনের কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বলেন ডিভিডেন্ড ও বোনাস শেয়ার অনুমোদনের ৩০ দিনের মধ্যে তা বিনিয়োগকারীদের দেয়ার বাধ্যবাধকতা আরোপের কথাও।

এছাড়া পুঁজিবাজার উন্নয়ন ও বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় ১০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়ন করা হয়েছে, যোগ করেন সরকার প্রধান।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই)’র লেনদেন স্বচ্ছ করতে ডিমিচ্যুয়ালাইজেশনের মাধ্যমে এর মালিকানা ও ব্যবস্থাপনা থেকে লেনদেন আলাদা করার বিষয়টিও উল্লেখ করেন তিনি।

এসব পদক্ষেপের ফলে পুঁজিবাজারে স্থিতিশীলতা ফিরে এসেছে এবং বিশ্ব অঙ্গনে বাংলাদেশের পুঁজিবাজার দ্রুত বিকাশমান ও সম্ভাবনাময় হিসাবেও বিবেচিত হচ্ছে বলে উল্লেখ করেন শেখ হাসিনা।

বিগত পাঁচ বছরে অর্থনৈতিক ও সামাজিক খাতে সরকারের সাফল্যের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দেশে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের এই ধারাবাহিকতা আগামী দিনেও বজায় রাখা জরুরি।

দেশের জনগণ উন্নয়নের স্বার্থে সঠিক সিদ্ধান্ত নেবে বলে দৃঢ় আস্থা প্রকাশ করে তিনি বলেন, সরকারের ধারাবাহিকতা বজায় থাকলেই কেবল বাধাহীন উন্নয়ন নিশ্চিত হয়।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই  অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বিএসইসি চেয়ারম্যান এম খায়রুল হোসেনও ছিলেন।