২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবাসী কল্যাণ ব্যাংকের প্রধান শাখা উদ্বোধন

বিশেষায়িত প্রবাসী কল্যাণ ব্যাংকের(পিকেবি) প্রধান শাখা (প্রিন্সিপাল ব্রাঞ্চ) উদ্বোধন করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আশা প্রকাশ করেছেন, শিগগিরই এটি বাণিজ্যিক কার‌্যক্রম শুরু করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2013, 01:38 AM

Updated : 23 Aug 2022, 07:16 PM

সোমবার বিকেলে প্রবাসী কল্যাণ ভবনে ব্যাংকটির প্রধান শাখা উদ্বোধন করেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, “পিকেবির প্রধান শাখা যেন বাণিজ্যিক কার‌্যক্রম শুরু করতে পারে তার যথাযথ ব্যবস্থা নিতে বাংলদেশ ব্যাংককে সুপারিশ করেছি।”

পিকেবিকে প্রবাসীদের ব্যাংক অভিহিত করে ব্যাংকটির কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, “প্রবাসীদের টাকায় এ ব্যাংক প্রতিষ্ঠিত। তাই আপনাদের ব্যবহার সাধারণ ব্যাংকের লোকের মতো হবে না।

“পিকেবির কাজ হলো প্রবাসীদের সেবা করা। কাজেই এখানকার কর্মকর্তাদেরকে অন্য যে কোনো প্রতিষ্ঠানের চেয়ে ভিন্ন মানসিকতা নিয়ে কাজ করতে হবে।”

২০১১ সালের ২০ এপ্রিল ব্যাংকটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই আড়াই বছরে ৩ হাজার বিদেশ গমনে ইচ্ছুক ব্যক্তিকে ৩০ কোটি ঋণ দিয়েছে বিশেষায়িত এ প্রতিষ্ঠানটি।

ব্যাংকের চেয়ারম্যান ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সিএস কয়েস সামিও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।