রবিতে নতুন সিইও
নতুন সিইও পাচ্ছে রবি আজিয়াটা। আগামী বছরের শুরুতেই এই দায়িত্বে আসছেন সুপুন বীরসিংহে।
রোববার দেশের অন্যতম বৃহত্তম এই মোবাইল কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বছরের প্রথম দিনেই প্রধান নির্বাহি কর্মকর্তা ও ব্যস্থাপনা পরিচালক মাইকেল ক্যুনারের স্থলাভিষিক্ত হবেন সুপুন বীরসিংহে। আগে তিনি আজিয়াটার শ্রীলঙ্কান অপারেটর ডায়লগের সিইও হিসাবে দায়িত্ব পালন করেছেন।
মাইকেল কর্মজীবন থেকে অবসরের সিদ্ধান্ত নিলে নতুন সিইও হিসাবে সুপুনকে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সুপুন বীরসিংহে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে আজিয়াটা গ্রুপের চিফ স্ট্র্যাটেজি অফিসার হিসাবে দায়িত্ব পালন করছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুপুন চার্টার্ড ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস (সিআইএমএ), ইউকে’র ফেলো সদস্য এবং শ্রীলঙ্কার শ্রী জয়েওয়ারদেনেপুরা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টেন্সি ও ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্টে বিএসসি ডিগ্রি অর্জন করেন।
পরে তিনি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন সিডনি থেকে এমবিএ করেন।
