২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সংলাপের আশায়’ উঠছে সূচক

দুই নেত্রীর টেলিফোন আলাপের পর রাজনৈতিক সংকট উত্তরণের আশায় বিরোধী দলের ৬০ ঘণ্টার হরতালের মধ্যেও সূচক বেড়েছে দেশের দুই স্টক এক্সচেঞ্জে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2013, 04:31 PM

Updated : 23 Aug 2022, 07:09 PM

এক মাসের মন্দাদশার পর সপ্তাহের প্রথম দিন রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে ১১০ পয়েন্ট। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সূচক বেড়েছে ২৩৫ পয়েন্ট।

দুই বাজারে লেনদেনের পরিমাণও বেড়েছে।

ঈদের পর প্রথম কার্যদিবসে বাজার কিছুটা চাঙ্গা হলেও ডিএসই গতসপ্তাহ শেষ করে সূচক পতনের মধ্য দিয়ে। এ বাজারে গত চার সপ্তাহেই সূচক ও লেনদেন ধারাবাহিকভাবে কমে।

রোববার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর সূচক বাড়তে থাকে। দিন শেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১১০ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৯০৯ পয়েন্ট হয়।

এদিন প্রায় ২৫০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়, যা বৃহস্পতিবারের তুলনায় ২০ কোটি টাকা বেশি।

লেনদেনে থাকা ২৪৭টি কোম্পানির শেয়ারের দাম এদিন বেড়েছে, কমেছে ৩৪টির এবং সাতটির দাম অপরিবর্তিত ছিল।

আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএসসিএক্স আগের দিনের চেয়ে ২৩৫ পয়েন্ট বেড়ে হয়েছে ৭৬৭৭ পয়েন্ট। এ বাজারে হাতবদল হয়েছে ২৩ কোটি ৩১ লাখ টাকার শেয়ার।

বাজার বিশ্লেষকরা মনে করছেন, দুই নেত্রীর টেলিফোন আলাপের পাশাপাশি তৃতীয় প্রান্তিকে গ্রামীণ ফোন ও ব্যাংক খাতের ভাল মুনাফাও সূচকের উন্নতিতে প্রভাব রেখেছে।  

ফিনিক্স সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক এ কাদির চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাজনৈতিক সংকটের সমাধান হয়ে যাবে এই আশায় মানুষ শেয়ার কিনতে শুরু করেছে। এ কারণেই বাজারে লেনদেন বেড়েছে।”

জাতীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক সংঘাতের আশঙ্কার মধ্যেই শনিবার টেলিফোনে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া ।

আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক মো. মুনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কিছু ব্যাংক তৃতীয় প্রান্তিকের ভাল মুনাফা প্রকাশ করছে। আজ এর প্রভাবও বাজারে পড়েছে।”

রোববার লেনদেনে থাকা ৩০টি ব্যাংকের শেয়ারের মধ্যে ২৯টিরই দাম বেড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লাভ করেছে প্রাইম ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, আল-আরাফা ইসলামী ব্যাংক

এ ছাড়া তৃতীয় প্রান্তিকে দেশের সবচেয়ে বড় মোবাইল অপারেটর গ্রামীণ ফোন ৫৭৪ কোটি টাকা মুনাফা করায় এ কোম্পানির শেয়ারের দাম প্রায় ৭ শতাংশ বেড়েছে, যা সূচক বৃদ্ধিতে ভূমিকা রেখেছে।

সব মিলিয়ে এদিন এ বাজারের বাছাই সূচক ডিএস-৩০ দশমিক ২৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৮৬ পয়েন্ট হয়েছে।

এর আগের চার সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক প্রায় ৩০০ পয়েন্ট কমে যায়।

এর মধ্যে গত সপ্তাহে সূচক কমে ৪৪ পয়েন্ট। আর তার আগের তিন সপ্তাহে কমে যথাক্রমে ১০৫, ৬৫ ও ৮৪ পয়েন্ট।

গত ১৯ সেপ্টেম্বর ডিএসইর সার্বিক সূচক ছিল ৪ হাজার ৯৭ পয়েন্ট। মাঝখানে কমে যাওয়ার পর রোববার তা বেড়ে ৩ হাজার ৯০০ পয়েন্ট ছাড়ায়।

গত  চার সপ্তাহে বাজারের দৈনিক গড় লেনদেন  ৪০০ কোটি থেকে ২০০ কোটি টাকায় নেমে আসে।

গত  সাপ্তাহে ডিএসইতে দৈনিক গড় লেনদেন ছিল ১৯৯ কোটি টাকা। আর আগের তিন সপ্তাহে  যথাক্রমে ২৩৮, ২৭৯ এবং ৪০৬ কোটি টাকার শেয়ার হাতবদল হয়।