২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামপালে বিদ্যুত কেন্দ্র করতে দেয়া হবে না

কোনোভাবেই রামপালের বিদ্যুত কেন্দ্র প্রকল্প বাস্তবায়ন করতে না দেয়ার ঘোষণা দিয়েছে সিপিবি ও বাসদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2013, 11:44 PM

Updated : 23 Aug 2022, 07:07 PM

মঙ্গলবার মুক্তিভবনে এক প্রতিবাদ সভায় সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, “জনমতের প্রতি সম্মান দেখিয়ে সরকার যদি গণবিরোধী রামপাল বিদ্যুৎপ্রকল্প বাতিল না করে, তাহলে জনগণের আন্দোলনের ফলে উদ্বুদ্ধ পরিস্থিতির দায় সরকারকে বহন করতে হবে।”

সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারির তীব্র নিন্দা জানিয়ে তিনি অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।

সমাবেশে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুত-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, “সুন্দরবনের ক্ষতি না করেও বিদ্যুৎ উৎপাদন সম্ভব। কিন্তু সুন্দরবনের বিকল্প নেই। তাই সুন্দরবন রক্ষার আন্দোলনকে আরো তীব্র করা ছাড়া জনগণের সামনে এখন বিকল্প নেই।”

বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখেন সিপিবির প্রেসিডিয়াম সদস্য সাজ্জাদ জহির চন্দন, কেন্দ্রীয় কমিটির সদস্য রুহিন হোসেন প্রিন্স ও বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ।