নতুন ব্যাংকেও রাখা যাবে সরকারি আমানত
বর্তমান সরকারের সময়ে অনুমতি পাওয়া নতুন নয়টি ব্যাংকেও এখন থেকে সরকারি আমানত রাখা যাবে।
এর আগে কোনো ব্যাংকের বয়স অন্তত ৫ বছর না হলে সেখানে সরকারি আমানত রাখার সুযোগ ছিল না।
আগের নির্দেশনা সংশোধন করে গত ২৪ সেপ্টেম্বর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
ওই নির্দেশনার বিষয়ে অবহিত করে মঙ্গলবার সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক।
সরকারি প্রজ্ঞাপনে বলা হয়, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত সংস্থা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির(এডিপি) আওতায় সরকার থেকে পাওয়া তহবিলের সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত বেরসকারি ব্যাংকে আমানত রাখতে পারবে।
২০০৩ সালের আগ পর্যন্ত স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সব ধরনের অর্থের পুরোটাই সরকারি ব্যাংকে রাখার বাধ্যবাধকতা ছিল।
তবে ২০০৩ সালে এক প্রজ্ঞাপন জারি করে বেসরকারি ব্যাংকেও অর্থের একটি অংশ রাখার সুযোগ দেয়া হয়। তবে সে সময় শর্ত দেয়া হয় যেসব ব্যাংকের বয়স ৫ বছরের কম সেখানে অর্থ রাখা যাবে না।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নতুন অনুমোদন দেওয়া ব্যাংকগুলোকে সহায়তার জন্যই এ সুযোগ দেয়া হয়েছে।
