২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

থ্রিজি উদযাপন করলো বাংলালিংক

বাণিজ্যিকভাবে থ্রিজি চালু হওয়া উপলক্ষে বিশেষ উদযাপন অনুষ্ঠান করলো দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল অপারেটর বাংলালিংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2013, 12:22 AM

Updated : 23 Aug 2022, 07:08 PM

সোমবার সন্ধ্যায় রাজধানীর ওয়েস্টিন হোটেলে টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বাংলালিংক সিইও জিয়াদ সাতারা বলেন, “বর্তমানে রাজধানীর গুলশান, বনানী, পুরনো ডিওএইচএস, বারিধারা, মতিঝিল এবং চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় বাংলালিংকের থ্রিজি সেবা পাওয়া যাচ্ছে। এ বছরের মধ্যে খুলনা ও সিলেটে থ্রিজি সেবা চালু করা হবে। পর্যায়ক্রমে ২০১৪ সালের মধ্যে দেশের অবশিষ্ট এলাকাগুলোতে বাংলালিংকের এই সেবাটি পৌঁছে যাবে।”

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব নজরুল ইসলাম খান বলেন, “থ্রিজি সেবার মাধ্যমে দেশের আউটসোর্সিং আরো এগিয়ে যাবে। গত বছর এ খাত থেকে বাংলাদেশ আয় করেছে ২২ মিলিয়ন ডলার। এ বছর ৩৭ মিলিয়ন ডলার আয়ের আশা করা যাচ্ছে।”

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান সুনীল কান্তি বোস বলেন, “তারা থ্রিজি সেবার গ্রাহকদের কাছ থেকে কিছু কিছু সমস্যার কথা শুনেছেন। আশা কারি বাংলালিংক সেসব সমস্যা নিজেরা সমাধান করবে।

অনুষ্ঠানে টেলিযোগাযোগ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুস সাত্তার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব নজরুল ইসলাম খান, টেলিযোগাযোগ সচিব আবু বকর সিদ্দিক, বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ শাতারা উপস্থিত ছিলেন।