ডিএসইতে সাড়ে ৫ মাসের সর্বনিম্ন লেনদেন
ঈদের ছুটির পর প্রথম কার্যদিবসে পাঁচ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে।
রোববার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর সূচক কমতে থাকে। দিন শেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স ঈদের আগের সর্বশেষ কর্মদিবসের চেয়ে প্রায় ৭২ পয়েন্ট কমে ৩ হাজার ৭৭২ পয়েন্ট হয়।
এদিন প্রায় ১১০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসের চেয়ে ১০৯ কোটি টাকা কম।
এর চেয়ে কম লেনদেন হয়েছিল গত ৬ মে, সেদিন হাতবদল হয়েছিল প্রায় ১০৮ কোটি টাকার শেয়ার।
রোববার এ বাজারের বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ২৯ পয়েন্ট কমে ১ হাজার ৩৫৯ পয়েন্ট হয়েছে।
২৮টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ২২৯টির এবং অপরিবর্তিত ছিল ২১টির দাম।
ছুটির আগের সপ্তাহে ঢাকার পুঁজিবাজারের সার্বিক সূচক প্রায় ১০৫ পয়েন্ট কমে যায়। প্রতিদিন গড়ে ২৩৮ কোটি টাকার শেয়ার হাতবদল হয়।
তার আগের সপ্তাহে সার্বিক সূচক কমে প্রায় ৬৫ পয়েন্ট। প্রতিদিন গড়ে হাতবদল হয় ২৭৯ কোটি টাকার শেয়ার।
