২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাণ ফিরেছে বেনাপোলে

দুর্গাপূজা, ঈদ ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা নয় দিন বন্ধ থাকার পর আবার সচল হয়েছে বেনাপোল স্থলবন্দর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2013, 11:04 AM

Updated : 23 Aug 2022, 07:07 PM

বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা ইদ্রিস আলি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার সকাল থেকে পেট্রাপোল ও বেনাপোল বন্দর দিয়ে পুরোদমে আমদানি-রপ্তানি শুরু হয়েছে।

তবে বেনাপোল শুল্ক ভবন, বন্দর কর্তৃপক্ষ, সিএন্ডএফ ও  ট্রান্সপোর্ট এজেন্সির সব কর্মী ও শ্রমিকরা এখনো না ফেরায় কাজ চলছে ধীর গতিতে। দীর্ঘদিন পণ্য পরিবহন বন্ধ থাকায় সীমান্তের দুই পড়েই খালাসের অপেক্ষায় রয়েছে বিপুল সংখ্যক পণ্যবাহী ট্রাক।

পূজা ও ঈদের সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে গত ১১ অক্টোবর বেনাপোলে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যায়। তবে পেট্রাপোলে ছুটি শুরু হয় এক দিন আগে। আর রোববারও তাদের সাপ্তাহিক ছুটি চলছে।

ওপারে ছুটি থাকলেও পণ্যজট কমাতে বিশেষ ব্যবস্থায় আমদানি রপ্তানি চালু রয়েছে বলে বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়াডিং এজেন্টস অ্যাসোসিয়েশনের কাস্টম বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন জানান।

তবে বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়াডিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি নুরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লম্বা ছুটির কারণে দুদেশের বন্দরেই পণ্যবোঝাই শতশত ট্রাক আটকে আছে। কিন্তু সব কর্মী না ফেরায় সোমবারের আগে বন্দরের কাজে স্বাভাবিক গতি ফিরবে বলে মনে হয় না।”

বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল বলেন, বন্দরে আমদানি পণ্যের চাপে পণ্যজটের আশঙ্কা রয়েছে। এজন্য বন্দর হ্যান্ডলিং শ্রমিকদের দ্রুত আমদানি পণ্য খালাসের নির্দেশ দেয়া হয়েছে।

ছুটির ঘাটতি পুষিয়ে নিতে শুল্ক ভবনের সব বিভাগের কর্মকর্তাদেরও প্রয়োজনীয় নির্দেশ দেয়া হয়েছে বলে বেনাপোল শুল্ক ভবনের যুগ্ম কমিশনার ফাইজুর রহমান জানান।