গুঁড়ো হলুদ নিরাপদ, দাবি প্রাণের
মাত্রাতিরিক্ত সীসা থাকায় যুক্তরাষ্ট্রের বাজারে প্রাণের গুঁড়ো হলুদ নিষিদ্ধ হওয়ার পর খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানটি দাবি করেছে, দেশে পরীক্ষা করে তারা তাদের পণ্যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপাদানটি পায়নি।
যুক্তরাষ্ট্রে যে হলুদে সীসার উপস্থিতি পাওয়ার কথা জানানো হয়েছে, তার নমুনা পুনরায় পরীক্ষার উদ্যোগ নেয়ার কথাও শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে দেশের অন্যতম প্রধান এই শিল্প পরিবার।
স্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রার সীসা থাকার কারণে সম্প্রতি যুক্তরাষ্ট্রের বাজার থেকে প্রাণ ব্র্যান্ডের হলুদের গুঁড়া প্রত্যাহার করে নিতে বলেছে দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন-এফডিএ।এছাড়া ভোক্তাদের প্রাণ গুঁড়া হলুদ ব্যবহার না করার পাশাপাশি প্রয়োজনে স্বাস্থ্য পরীক্ষা করতেও পরামর্শ দিয়েছে তারা।
এর পরিপ্রেক্ষিতে প্রাণের পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামাল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “আমরা আমাদের উৎপাদিত গুঁড়া হলুদের স্যাম্পল বাজার থেকে সংগ্রহ করে বিএসটিআই এবং বিসিএসআইআর-এ পরীক্ষা করিয়েছি। এই পরীক্ষার কোনো রিপোর্টেই প্রাণ গুঁড়া হলুদে অতিরিক্ত মাত্রার সীসার উপস্থিতি সনাক্ত হয়নি।”
তাই দেশের বাজারে থাকা প্রাণ গুঁড়া হলুদ সম্পূর্ণ নিরাপদ বলে দাবি করেছে তারা।
প্রাণ কর্তৃপক্ষ বলেছে,যুক্তরাষ্ট্রে প্রাণের পণ্য আমদানিকারক প্রতিষ্ঠান এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে গুঁড়া হলুদে উচ্চ মাত্রায় সীসার উপস্থিতির বিষয়টি তারা জেনে সে বিষয়েও পদক্ষেপ নিয়েছেন।
“যুক্তরাষ্ট্রে যে সব ব্যাচে উৎপাদিত হলুদের ভেতরে সীসার উপস্থিতি সনাক্ত হয়েছে বলে আমরা জানতে পেরেছি, সেগুলোর নমুনা সংগ্রহ করার চেষ্টা করছি এবং সেগুলো বাংলাদেশের ল্যাবরেটরি এবং এফডিএকে পুনরায় পরীক্ষা-নিরীক্ষা করার অনুরোধ জানানোর সিদ্ধান্ত নিয়েছি।”
“বাংলাদেশের যেসব এলাকার মাটিতে গ্যাসোলিন বা রং বা বর্জ্য ফেলা হয় বা অতিরিক্ত মাত্রায় রাসায়নিক সার ব্যবহার করা হয় এবং হাইওয়ের পাশে যেখানে যন্ত্রচালিত যানবাহন চলাচল বেশি, সেখানে উৎপাদিত হলুদে সীসার পরিমাণ বেশি হতে পারে।”
আবার কৃষক পর্যায়ে প্রক্রিয়াজাতের সময় ভেজানোর সময় পানি কিংবা শুকানোর সময় বাতাস কিংবা পণ্য সংরক্ষণে ব্যবহৃত পাত্রের মাধ্যমেও হলুদে সীসার পরিমাণ বাড়তে পারে।
“তাই আমাদের ধারণা, এফডিএ রিপোর্টে গুঁড়া হলুদে যে সীসার উপস্থিতির কথা বলা হয়েছে, তা নির্দিষ্ট কোনো ব্যাচের বা বিশেষ কোনো এলাকার উৎপাদিত হলুদের ক্ষেত্রে হয়ে থাকতে পারে।”
“তবে যে কারণেই হোক না কেন, প্রাণ কর্তৃপক্ষ তা খতিয়ে দেখছে এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।”
বিষয়টি পরীক্ষা করার জন্য প্রাণ ইতোমধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যলয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক এম রফিকুল ইসলামকে অনুরোধ করেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
